দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেও নরওয়ে চেসে আলোচনা ছিল তাঁর ব্যর্থতা নিয়ে। (Norway Chess) পাঁচ রাউন্ড শেষে ছবিটা বদলে দিলেন ডি গুকেশ। (D Gukesh) জন্মদিনের একদিন পর খেলতে নেমে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে ফের শিরোপার লড়াইয়ে ফিরলেন বিশ্বচ্যাম্পিয়ন। (R Praggnanandhaa) অল-ইন্ডিয়া দ্বৈরথে আর প্রজ্ঞানন্দকে হারিয়ে তিন পূর্ণ পয়েন্ট ভরলেন পকেটে।
(Chess News Bangla) অন্যদিকে মেয়েদের বিভাগে চিনের ঝু জিনারকে হারিয়ে প্রথমবার এককভাবে শীর্ষে দিব্যা দেশমুখ। (Sports Updates Bangla)
অসলোতে পাঁচ রাউন্ড শেষে গুকেশের সংগ্রহ ৬.৫ পয়েন্ট। তিনি এখন এককভাবে তৃতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আলিরেজা ফিরুজা। ৮.৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে ওয়েসলি সো।
শেষ হাসি গুকেশের
গুকেশ বনাম প্রজ্ঞানন্দ লড়াই ছিল উত্থান-পতনে ভরা। একাধিকবার নিয়ন্ত্রণ হাতবদল হয়েছে। দু'জনের সামনেই জয়ের সুযোগ এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখেন গুকেশ। রাগোজিন ডিফেন্স থেকে শুরু হওয়া লড়াইয়ের প্রথম দিকে খানিকটা সুবিধাজনক অবস্থায় ছিলেন প্রজ্ঞানন্দ। যদিও কম্পিউটার বিশ্লেষণে ব্যবধান খুব বেশি দেখা যাচ্ছিল না। গুকেশ তাতে বিচলিত হননি।
চল্লিশতম চালের আশপাশে লড়াই ঢুকে পড়ে সময়ের চাপে। দু'জনের হাতে তখন কয়েক সেকেন্ড করে সময়। সেই পরিস্থিতিতে বড় ভুল করে বসেন প্রজ্ঞানন্দ। সুযোগ হাতছাড়া করেননি গুকেশ। দ্রুত আক্রমণ গড়ে চেকমেটের পথে এগিয়ে যান।
'চালগুলো কাজে লেগেছে'
ম্যাচের পর গুকেশ বলেন, 'খুব জটিল লড়াই। সৌভাগ্যবশত আমার চালগুলো কাজে লেগেছে।' যোগ করেন, 'শুরু থেকেই প্রচণ্ড চাপ অনুভব করছিলাম। খুব টেনশনে ছিলাম। তবে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পেরেছি। কয়েক মাস আগের তুলনায় আমি অনেক ভাল অবস্থায় আছি। নিজেকে অনেক বেশি তীক্ষ্ণ মনে হচ্ছে। উন্নতি করছি। যদিও এখনও যেখানে পৌঁছতে চাই, সেখানে পৌঁছইনি।'বিশ্বচ্যাম্পিয়নের কথায়, 'আপনি যখন খুশি থাকেন, তখন নিজের উপর বিশ্বাসও বাড়ে। বোর্ডে সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে যায়। বাইরে থেকে ছোট ব্যাপার মনে হলেও এগুলো বড় পার্থক্য গড়ে দেয়।'
কার্লসেনের অবস্থা বেজায় খারাপ
একই রাউন্ডে বড়সড় ধাক্কা খেয়েছেন ম্যাগনাস কার্লসেন। আমেরিকার ওয়েসলি সো-র কাছে পরাস্ত বিশ্বের এক নম্বর দাবাড়ু। পাঁচ রাউন্ড শেষে তাঁর সংগ্রহ মাত্র ৪.৫ পয়েন্ট। প্রতিযোগিতায় তিনি সবার নিচে। ওয়েসলি সো ৮.৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এখন শিরোপার লড়াই পুরোপুরি খোলা। তবে বাকিদের চাইতে সুবিধাজনক অবস্থানে ফিরুজা। পাশাপাশি সুযোগ তৈরি হয়েছে গুকেশের সামনেও। পরের রাউন্ডে তিনি জিতলে এবং ফিরুজা হারলে ব্যবধান অনেকটা কমে যাবে।
দিব্যার দাপট
মেয়েদের গ্রুপে ভারতের জন্য সুখবর আনলেন দিব্যা দেশমুখ। চিনের ঝু জিনারের বিরুদ্ধে ধৈর্য এবং নির্ভুলতার পরীক্ষা উতরে ৮৪ চালের লড়াই জিতেছেন তিনি। শুরুতে নতুন এক কৌশলে দিব্যাকে চাপে ফেলেন ঝু। কিন্তু ধীরে ধীরে লড়াই অন্য দিকে মোড় নেয়। কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ড্র করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি চিনা দাবাড়ু। সেখান থেকেই নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন দিব্যা। শেষ দিকে দু'জনেই সময়ের চাপে ছিলেন। প্রতি চালে মাত্র ১০ সেকেন্ড করে বাতি সময় পাচ্ছিলেন। সেই পরিস্থিতিতেও নির্ভুল খেলেন ভারতীয় দাবাড়ু। নিশ্চিত করেন জয়। ৮.৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো একক শীর্ষে উঠে এলেন তিনি।

