দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের প্রভাবে টানা বৃ্ষ্টি চলছে উত্তরবঙ্গে। ফুঁসছে তিস্তা, বিপর্যস্ত সিকিম। এরই মাঝে ভোররাতে তাকদহ ক্যান্টনমেন্ট হাসপাতালে ধস নামে। শুক্রবার ভোর সাড়ে ৩টে নাগাদ হাসপাতালের একটি অংশ আচমকাই ভেঙে পড়ে বলে খবর। সেই সময় ভিতরে থাকা ছ'জনের মধ্যে এক রোগীর কেয়ারটেকার ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান।
বাকি পাঁচজনকে নিরাপদে বের করে আনা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাকি পাঁচজনের কারও আঘাত লাগেনি। ধসে হাসপাতালটির কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তাকদহ রুরাল হাসপাতাল রংলি রংলিয়ট ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যকেন্দ্র। দার্জিলিং শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় এই হাসপাতালে আশপাশের বহু মানুষ চিকিৎসার জন্য আসেন।
ধসের পর হাসপাতালের অন্য কোনও অংশও আলগা হয়ে পড়েছে কি না, তা দেখা হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া কেয়ারটেকারের বর্তমানে কেমন আছেন, তা জানা যায়নি।
লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। ফলে হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিয়েও উদ্বেগে রোগী ও পরিবারের সদস্যরা।
রিম্বিতে বড় ধস
পশ্চিম সিকিমের রিম্বি এলাকায় টানা ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবার বড়সড় ধস নামে। ক্ষতিগ্রস্ত ৩০টিরও বেশি বাড়ি। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছেন মানুষজন।
পাহাড়ের ঢাল থেকে নেমে আসা কাদা, পাথর ও ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্থ বাড়িগুলিতেও আপাতত কেউ থাকতে চাইছেন না। অবরুদ্ধ হয়েছে স্থানীয় রাস্তাঘাট। একাধিক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার ও ত্রাণ পৌঁছতে সমস্যা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রশাসন।
এসবের মাঝেই হাসপাতালে ধসের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।

