Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পাঞ্জাবের পুরভোটে বাজিমাত কেজরিওয়ালের দলের, চমক বিজেপির, ধস কংগ্রেসে

পাঞ্জাবের পুরভোটে বাজিমাত কেজরিওয়ালের দলের, চমক বিজেপির, ধস কংগ্রেসে

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: ২০২৭-এর মহারণের আগে পাঞ্জাবের (Punjab) সেমিফাইনালে বিরোধীদের খড়কুটোর মতো উড়িয়ে দিল আম আদমি পার্টি (AAP)। রাজ্যের পুরভোটে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে বিপুল জয় ছিনিয়ে নিল মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দল। ১ হাজার ৯৭৭টি ওয়ার্ডের মধ্যে একাই ৯৫৮টি আসন (প্রায় ৪৮ শতাংশ) জিতেছে আপ।

তবে এই ফলের মধ্যেও পঞ্জাবের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বিজেপির উত্থান।

'হিংসার রাজনীতি পরাস্ত', হুঙ্কার মানের

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 'পাঞ্জাবের মানুষ হিংসা ও বিভেদের রাজনীতিকে প্রত্যাখ্যান করে উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন।' উল্টোদিকে বিজেপির কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তাকে খোঁচা দিয়ে আপ শীর্ষনেতা মনীশ সিসোদিয়া বলেন, "পাঞ্জাবের মানুষ 'ইডি পার্টি'-কে যোগ্য জবাব দিয়ে দিয়েছে। ইডি-র রাজনীতি পাঞ্জাবে চলবে না।" সম্প্রতি আপের এক মন্ত্রী সঞ্জীব আরোরাকে ইডি গ্রেফতার করার পরে এই জয়কে নিজেদের নৈতিক জয় হিসেবেই দেখছে শাসকদল।

এক নজরে পঞ্জাব পুরভোটের ফল

পাঞ্জাবে মোট ওয়ার্ড ১,৯৭৭টি। নির্বাচনে মোট ভোট পড়েছিল ৬৩.৯৪ শতাংশ। এর মধ্যে আম আদমি পার্টি (AAP) জিতেছে ৯৫৮টি ওয়ার্ড। ৮টি পুরনিগমের মধ্যে ৫টিই দখল করেছে তারা। এই পুরনিগমগুলি হল বার্নালা, বাটালা, মোগা, মহালি এবং ভাটিন্ডা।

অন্যদিকে কংগ্রেস জিয়েছে ৩৯৭টি ওয়ার্ড। নির্দলের দখলে ২৫১টি ওয়ার্ড। অনেকটা পিছিয়ে রয়েছে শিরোমণি অকালি দল (SAD)। তারা জিতেছে ১৯২টি ওয়ার্ড। এর মধ্যেও গুরুত্বপূর্ণ হল বিজেপি ১৭২টি ওয়ার্ডে জিতেছে। এছাড়া বিএসপি ৭টি ওয়ার্ড জিতেছে।

ধস কংগ্রেসে, অন্তর্কলহ প্রকাশ্যে

লোকসভা নির্বাচনে পাঞ্জাবের ১৩টি আসনের মধ্যে ৭টি জিতে যে হাওয়া তৈরি করেছিল কংগ্রেস, পুরভোটে তা উবে গিয়েছে। ৩৯৭টি আসন পেয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে ঠিকই। কিন্তু পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিংয়ের খাসতালুক গিদ্ধরবাহাতে ১৯টি ওয়ার্ডের মধ্যে ১৭টি জিতেছে আপ। যদিও বিরোধী দলনেতা প্রতাপ সিং বাউয়ার দাবি, 'পুরভোটে সাধারণত শাসকদলই জেতে। আসল লড়াই হবে বিধানসভায়।'

চমক বিজেপির, ব্যালট বিতর্ক সুপ্রিম কোর্টে

এই ভোটের সবচেয়ে বড় চমক বিজেপির উত্থান। গতবার যেখানে গেরুয়া শিবির মাত্র ৪৯টি আসনে জিতেছিল, এবার তা বাড়িয়ে ১৭২ করেছে তারা। আবোহর পুরসভা এককভাবে দখল করেছে বিজেপি, আর পাঠানকোটে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে এই ভোট ঘিরে বিতর্কও কম হয়নি। ইভিএম (EVM) বাদ দিয়ে ব্যালট পেপারে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। যা নিয়ে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিল বিজেপি। যদিও আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করেনি। ভোটের ফল প্রকাশের পরও বিজেপির মুখপাত্র বিনীত জোশী অভিযোগ করেছেন, "মনোনয়ন বাতিল থেকে শুরু করে ব্যালট পেপারের কারচুপি— দেদার 'ভোট চুরি' করেছে আপ।"

অতীত কিন্তু অন্য কথা বলছে!

পাঞ্জাবের রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে একটা অদ্ভুত ট্রেন্ড চোখে পড়ে। পুরভোটে যে দলই ঝড় তোলে, ঠিক দু'বছর পরের বিধানসভায় তারা ক্ষমতা হারায়। ২০১৫ সালের পুরভোটে অকালি-বিজেপি জোট জিতেছিল ১ হাজার ৪২০টি ওয়ার্ড, কংগ্রেস পেয়েছিল মাত্র ৩৫৬টি। কিন্তু ২০১৭-র বিধানসভায় অকালিদের হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। ২০২১ সালের পুরভোটে কংগ্রেস একাই জিতেছিল ১ হাজার ৫১৬টি আসন। অথচ ২০২২-এর বিধানসভায় কংগ্রেসকে উড়িয়ে দিয়ে ৯২টি আসন নিয়ে ক্ষমতায় বসে আম আদমি পার্টি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall