Dailyhunt
'ফুটফুটে, ফর্সা সাংসদ', বেলাগাম দিলীপের কথা শুনে জুনের টিপ্পনী, 'আমাকে পছন্দ করেন বোধহয়'

'ফুটফুটে, ফর্সা সাংসদ', বেলাগাম দিলীপের কথা শুনে জুনের টিপ্পনী, 'আমাকে পছন্দ করেন বোধহয়'

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোট যত এগিয়ে আসছে, ততই যেন বাগযুদ্ধের পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। পুরনো ফর্মে ফিরে এবার সেই বিতর্কের কেন্দ্রে আবারও চলে এলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া (June Malia) সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছেন যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

বুধবার খড়গপুরের নির্বাচনী প্রচার থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জুন মালিয়াকে আক্রমণ শানান দিলীপ ঘোষ। তাঁর রূপ এবং নাচ নিয়ে মন্তব্য করেন তিনি। স্থানীয় মানুষের উদ্দেশে বলেন, "এখানে ফুটফুটে, ফর্সা একজন সাংসদ হয়েছেন। সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন। ফ্রিতে ডান্স দেখুন, ব্যাস আর কিছু চাই না।"

তবে দিলীপের এই বাক্যবাণের মুখে মেজাজ হারাননি জুন মালিয়া। বরং অত্যন্ত ঠান্ডা মাথায় বিজেপি নেতাকে পাল্টা জবাব দিয়েছেন তিনি। জুনের কথায়, "উনি সরাসরি অপমান করেননি, তবে দিলীপদার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। আমাকে ফর্সা-ফুটফুটে বলেছেন। আগেও উনি বলেছিলেন আমাকে সুন্দর দেখতে। আমি বুঝতে পারছি দিলীপদা আমাকে পছন্দ করেন।"

দিলীপকে কটাক্ষ করে জুন আরও বলেন, "মনোনয়নের সময় কর্মীদের সঙ্গে আনন্দ করে নাচ করাতে তো কোনও সমস্যা নেই। কারণ ওঁর দলেরই লোক, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আমার থেকেও বেশি নাচেন! লড়তে হলে রাজনৈতিক ভাবে লড়ুন। আমি ফর্সা কি না বা আমি কেন নাচলাম - এগুলি কোনও রাজনৈতিক কথা হতে পারে না।"

দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন বিরোধী নেতৃত্বের প্রতি কুরুচিকর শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দল থেকেও একাধিকবার তাঁকে সতর্কও করা হয়েছে। কিন্তু তিনি বদলাননি। ভোট ঘোষণার আগে পর্যন্ত অবশ্য কিছুটা ব্যাকফুটেই ছিলেন দিলীপ। কারণ দলের শীর্ষ নেতৃত্বের থেকে তাঁর দুরত্ব তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে প্রার্থী হয়ে আবার সেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ।

যদিও রাজনৈতিক মহলের মতে, খড়গপুরের লড়াইয়ে উন্নয়ন বা কাজের নিরিখে আক্রমণের বদলে ব্যক্তিগত আক্রমণকে হাতিয়ার করে দিলীপ আসলে ভোটারদের নজর টানতে চাইছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall