Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'প্রশ্ন তুললেই টার্গেট!' মোদী সরকারের বিরুদ্ধে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে'র তোপ অভিষেকের

'প্রশ্ন তুললেই টার্গেট!' মোদী সরকারের বিরুদ্ধে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে'র তোপ অভিষেকের

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন হামলার মুখে পড়েন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ইটের আঘাত, ডিম-জুতো বৃষ্টি থেকে শুরু করে জামা ছিঁড়ে দেওয়া— বাদ যায়নি কিছুই। ভাঙা চশমা আর বুকে-পিঠে আঘাত নিয়ে বর্তমানে চিকিৎসাধীন তিনি। শনিবারের এই নজিরবিহীন ঘটনার পর ২৪ ঘণ্টা কাটার আগেই এবার জাতীয় রাজনীতিতে তৈরি হল নতুন সমীকরণ। আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে অভিষেকের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই হামলার নিন্দা করেছেন রাহুল। আর তার জবাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী' বলে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

'বিজেপির বদলার রাজনীতির ঘৃণ্য রূপ', তোপ রাহুলের

সোনারপুরের ঘটনার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, 'সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুরে যে হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। একজন সাংসদের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়— এটা সেই জনগণের ওপর আঘাত যাঁরা তাঁকে নির্বাচিত করেছেন, এবং এটা আমাদের সেই গণতন্ত্রের ওপর আঘাত যা আমাদের সকলের যৌথ ঐতিহ্য।'

সরাসরি গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলে রাহুল আরও বলেন, 'এটি বিজেপির বদলার রাজনীতির একটি ঘৃণ্য রূপ। রাজনৈতিক মতপার্থক্য কখনও হিংসার কারণ হতে পারে না। কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার— উভয়েরই উচিত দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া। কোনও জনপ্রতিনিধি, তিনি যে দলেরই হোন না কেন, নিজের নিরাপত্তা নিয়ে যেন চিন্তিত না থাকেন তা সুনিশ্চিত করতে হবে।' শেষে অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান লোকসভার বিরোধী দলনেতা।

'নীতি বিসর্জন দিয়ে আরামে থাকার চেয়ে লড়াই ভাল', পাল্টা বার্তা অভিষেকের

রাহুলের এই বার্তার পরই তাঁকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ ও ঝাঁঝালো পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া (INDIA) জোটের ঐক্যকে তুলে ধরে তিনি স্পষ্ট জানান, ভয় দেখিয়ে তাঁর মুখ বন্ধ করা যাবে না। রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লেখেন, 'আপনার উদ্বেগ এবং সমর্থনের জন্য ধন্যবাদ রাহুলজি। ভারতের আত্মাকে রক্ষা করতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে বাঁচাতে এবং সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে অক্ষুণ্ণ রাখতে আমরা ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ।'

নিজের রাজনৈতিক লড়াই ও আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার কথা মনে করিয়ে দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন, "গত বছর 'অপারেশন সিন্দুর'-এর সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে ভারতের হয়ে আমি পাঁচটি দেশ সফর করেছিলাম। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেছি। আর আজ, যাঁরা নিজেদের জাতীয়তাবাদের রক্ষক বলে দাবি করেন, তাঁদেরই রাজনৈতিক হিংসা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের শিকার হতে হল আমাকে।"

'বিজেপিকে সমর্থন করলে দেশপ্রেমিক, প্রশ্ন তুললে টার্গেট!'

সরাসরি বিজেপিকে আক্রমণ করে অভিষেক লিখেছেন, 'এটাই আজকের বিজেপির আসল চেহারা। আপনি যদি তাদের সমর্থন করেন, তবে আপনি দেশপ্রেমিক। আর যদি তাদের প্রশ্ন করেন, তবে আপনি তাদের টার্গেট! তাদের পাশে দাঁড়ালে আপনার প্রশংসা হবে, আর তাদের বিরুদ্ধে দাঁড়ালে তারা আপনার মুখ বন্ধ করার চেষ্টা করবে। তবে নিজের নীতি বিসর্জন দিয়ে আরামদায়ক জীবন কাটানোর চেয়ে, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে এমন হুমকির মুখোমুখি হওয়া অনেক ভাল।'

শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, "ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ইচ্ছা স্থায়ী। আমি কেবল মানুষের সামনেই মাথা নত করব, ক্ষমতার আসনে বসে থাকা মানুষদের সামনে কখনও নয়। যাঁরা গণতন্ত্রকে দুর্বল করতে এবং আমাদের দেশকে বিভক্ত করতে চান, তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। 'ইন্ডিয়া' জোট ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা সবাই মিলে সুনিশ্চিত করব যাতে ভয়, ঘৃণা, হিংসা ও হুমকির রাজনীতি পরাস্ত হয় এবং মানুষের কণ্ঠস্বর জয়ী হয়।"

সোনারপুরের এই ঘটনার পর ইতিমধ্যেই পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে বলে খবর। তবে কলকাতার উপকণ্ঠে এক হেভিওয়েট সাংসদের ওপর এমন হামলা এবং তার জেরে দিল্লি স্তরে রাহুল-অভিষেকের এই সমীকরণ রাজ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall