Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুজোর ময়দানে নিসপাল সিংয়ের মাস্টারস্ট্রোক, দেব-শুভশ্রী ছবিতে বড় চমক

পুজোর ময়দানে নিসপাল সিংয়ের মাস্টারস্ট্রোক, দেব-শুভশ্রী ছবিতে বড় চমক

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটির নাম উচ্চারণ করতে গেলে এখনও সবার আগে উঠে আসে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম। ২০২৫ সালে তাঁদের পুনর্মিলন যেমন দর্শকদের আবেগে ভাসিয়েছিল, তেমনই বক্স অফিসেও এনে দিয়েছিল বিরাট সাফল্য। সেই ছবির পর থেকেই অনুরাগীদের একটাই দাবি ছিল—আবার কবে একসঙ্গে ফিরবেন তাঁরা?

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

২০২৬ সালের দুর্গাপুজোয় ফের বড়পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে। আর সেই ছবিকে ঘিরেই ধীরে ধীরে বাড়ছে উত্তেজনা। কারণ, এবার শুধু নস্ট্যালজিয়াই নয়, পুজোর বক্স অফিসের লড়াইয়েও আরও বড় কৌশল নিয়ে নামতে চলেছেন দেব।

দীর্ঘ টানাপোড়েন ও নানা বিতর্কের আবহ কাটিয়ে সম্প্রতি শুরু হয়েছে দেব ও শুভশ্রীর সপ্তম ছবির শুটিং। আপাতত ইন্ডাস্ট্রির অন্দরে ছবিটি 'দেশু ৭' নামেই পরিচিত। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। আর এবার জানা গেল, এই প্রজেক্টে দেবের সঙ্গে প্রযোজক হিসেবে হাত মিলিয়েছেন সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানে।

দেব এবং সুরিন্দর ফিল্মসের সম্পর্ক বরাবরই বিশেষ। অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ারের একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি হয়েছে এই প্রযোজনা সংস্থার হাত ধরেই। 'পাগলু', 'মন মানে না', 'বলো না তুমি আমার', 'হিরোগিরি'-সহ একাধিক বাণিজ্যিকভাবে সফল ছবি সেই জুটিরই ফসল। ফলে বহু বছর পর আবার এই সমীকরণ ফিরে আসায় ছবির পরিসর এবং পরিকল্পনা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।

যদিও এখনও পর্যন্ত ছবির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবু গল্প নিয়ে জল্পনার শেষ নেই। চলতি বছরের শুরুতেই শুভশ্রী ইঙ্গিত দিয়েছিলেন, তাঁদের সপ্তম ছবি হবে নানা স্বাদের মিশেল। অন্যদিকে দেবও জানিয়েছিলেন, ছবিতে থাকবে রোম্যান্স, অ্যাকশন, থ্রিল, প্রতিশোধ—সবকিছুরই সংমিশ্রণ। তবে সেই সময়েও চূড়ান্ত হয়নি ছবির নাম।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশাকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ছবির গল্প। বিশেষ করে দেব-শুভশ্রীর রসায়নকে কেন্দ্র করেই চিত্রনাট্যের বড় অংশ নির্মিত হয়েছে। অতীতে কিছু ছবিতে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় যে আক্ষেপ দর্শকদের মধ্যে ছিল, এবার সেই জায়গাটাকেই ছবির অন্যতম শক্তি হিসেবে তুলে ধরতে চাইছেন নির্মাতারা।

ফলে সব মিলিয়ে ২০২৬ সালের পুজো যে আরও একবার দেব-শুভশ্রী জাদুর সাক্ষী হতে চলেছে, তা বলাই যায়। এখন শুধু অপেক্ষা, বড়পর্দায় তাঁদের নতুন অধ্যায় দর্শক কতটা আপন করে নেন এবং পুজোর বক্স অফিসে এই নতুন সমীকরণ কতটা সাড়া ফেলে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall