Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রায়ানের অতীতের রহস্য ফাঁস, 'পরিণীতা'-য় নতুন খলনায়িকা শ্রীতমা!

রায়ানের অতীতের রহস্য ফাঁস, 'পরিণীতা'-য় নতুন খলনায়িকা শ্রীতমা!

THE WALL 15 hrs ago

দ্য় ওয়াল ব্যুরো: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পরিণীতা'-য় ফের আসতে চলেছে বড়সড় মোড়। রায়ান ও পারুলের সম্পর্কের টানাপোড়েন, ভালবাসা এবং একের পর এক পারিবারিক সমস্যাকে ঘিরে শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে এই ধারাবাহিক। সম্প্রতি গল্পে বেশ কিছু নেতিবাচক চরিত্রের আচরণে পরিবর্তন আসায় অনেকেই মনে করেছিলেন, হয়তো এবার ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে রায়ান-পারুলের গল্প।

তবে সেই সম্ভাবনায় জল ঢেলে নতুন এক চরিত্রের আগমন ঘটতে চলেছে ধারাবাহিকে।

'পরিণীতা'-য় নতুন খলনায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরীকে। তাঁর চরিত্রের নাম প্রিয়ংবদা ভৌমিক। জানা যাচ্ছে, রায়ানের অতীতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে এই চরিত্র। ফলে প্রিয়ংবদার আগমনের সঙ্গে সঙ্গেই সামনে আসতে চলেছে রায়ানের জীবনের এমন কিছু অজানা অধ্যায়, যা এতদিন আড়ালেই ছিল।

রায়ান কেন এতদিন পারুলের কাছে নিজের মনের কথা স্পষ্ট করে বলতে পারেনি, সেই প্রশ্নের উত্তরও মিলতে পারে এই নতুন ট্র্যাকেই। প্রিয়ংবদার সঙ্গে রায়ানের অতীতের সম্পর্ক ঠিক কী এবং সেই পুরনো ইতিহাস বর্তমানে তাঁদের জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়েই তৈরি হচ্ছে নতুন রহস্য। স্বাভাবিকভাবেই, নতুন চরিত্রের আগমনে রায়ান-পারুলের সাজানো সংসারে ফের অশান্তির ছায়া পড়তে চলেছে।

এদিকে, সম্প্রতি ধারাবাহিকের গল্পে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল। শিরীন ও টগরের আচরণে বদল এসেছে। পারুলকেও পরিবারের বউ হিসেবে মেনে নেওয়ার পথে এগিয়েছে মৌসুমী। ফলে অনেকেই ভেবেছিলেন, হয়তো এবার রায়ান ও পারুলের জীবনে সুখের সময় শুরু হবে। কিন্তু নতুন চরিত্রের আগমন সেই শান্তিকে যে দীর্ঘস্থায়ী হতে দেবে না, তা বলাই যায়।

শুধু প্রিয়ংবদাই নয়, সংযুক্তা ও শিঞ্জিনীর উপস্থিতিও এখনও রয়েছে। তার উপর পারুল অন্তঃসত্ত্বা। ফলে তাঁর সন্তান জন্মের আগেই নতুন করে কী কী সমস্যার মুখোমুখি হতে হবে তাঁকে, সেই প্রশ্নও উঠছে। রায়ানের অতীতের সঙ্গে পারুলের বর্তমানের সংঘাত এবার কোন দিকে যায়, সেটাই দেখার।

নতুন চরিত্রের খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই ধারাবাহিক শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। নতুন ট্র্যাকের খবর তাঁদের সেই আশঙ্কা কিছুটা দূর করেছে। যদিও কেউ কেউ মনে করছেন, দর্শকদের আগ্রহ ধরে রাখার পাশাপাশি গল্পের স্বাভাবিক গতি বজায় রাখাটাও জরুরি।

'পরিণীতা'-য় পারুলের চরিত্রে অভিনয় করছেন ঈশানী চট্টোপাধ্যায় এবং রায়ানের ভূমিকায় রয়েছেন উদয় প্রতাপ সিং। শিরীনের চরিত্রে দেখা যাচ্ছে সুরভী মল্লিককে। এছাড়াও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিয়াজ লস্কর, সৌমিলী ঘোষ বিশ্বাস, মনোজ ওঝা এবং অঙ্কিতা মাঝি। এবার শ্রীতমা রায়চৌধুরীর প্রিয়ংবদা চরিত্রটি রায়ান-পারুলের গল্পে কতটা বড় পরিবর্তন আনে, সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall