দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের (TMC) তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ৪৪০.৪২ কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। আর্থিক তছরুপের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED Freezes AITC Bank Accounts)। এরপরই আসরে নামল তৃণমূল কংগ্রেসও। তাঁদের দাবি, দলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আইন মেনেই ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন (ECI) ও আয়কর দফতরকে নিয়ম মেনে সমস্ত অনুদানের তথ্যও জমা দেওয়া হয়েছে।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থের হিসাব সম্পূর্ণ স্বচ্ছভাবে প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত অনুদান দল পেয়েছে, তার প্রতিটি লেনদেনের তথ্য নিয়ম মেনে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এবং আয়কর দফতরের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতি বছর এই তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। ফলে এই সমস্ত তথ্য সাধারণ মানুষের কাছেও উন্মুক্ত এবং সহজেই দেখা যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনী বন্ড (Electoral Bond) সংক্রান্ত তথ্যও সরকারের কাছে আগে থেকেই রয়েছে। কারণ, এই বন্ডগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ইস্যু করেছিল এবং পরে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। তাই এই বিষয়ে কোনও তথ্য গোপন করার প্রশ্নই ওঠে না বলে দাবি করেছে রাজ্যের প্রাক্তন শাসক দল।
এরপরও ইডি যে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দলের দাবি, কোনও আইনি বা আর্থিক অনিয়মের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।
তৃণমূল আরও অভিযোগ করেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রবণতা দিন দিন বাড়ছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলিকে লক্ষ্য করে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা। এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, একটি গণতান্ত্রিক দেশে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকা উচিত। কিন্তু তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ করলে সেই রাজনৈতিক সমতার পরিবেশ নষ্ট হয়। এতে শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তৈরি হয়।
ইডির এই পদক্ষেপের তীব্র নিন্দা করে তৃণমূলের তরফে কেন্দ্রকে তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার বন্ধ করে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।

