দ্য ওয়াল ব্যুরো: ফর্ম নিয়ে হাজারো জল্পনা। ছিল টানা খারাপ পারফরম্যান্সের চাপও। কিন্তু ফ্লাশিং মিডোর চেনা কোর্টে ফিরতেই স্বমহিমায় আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)।
ইউএস ওপেনে খেতাব রক্ষার লড়াইটা স্ট্রেট সেটে জিতেই শুরু করলেন বিশ্বের এক নম্বর তারকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে হারালেন ৬-২, ৬-৪ ব্যবধানে (US Open 2026)।
ম্যাচ জিততে লাগল মাত্র ৮৭ মিনিট। লক্ষ্য টানা তৃতীয় ইউএস ওপেন খেতাব। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে শেষবার এই নজির গড়েছিলেন সেরেনা উইলিয়ামস।
সংশয় উড়িয়ে সাবালেঙ্কার জয়
গত এপ্রিল থেকে হার্ড কোর্টে সাবালেঙ্কার রেকর্ড ১৭-৭। শেষ দুটি টুর্নামেন্টেও দ্রুত বিদায় নিতে হয়েছিল। কিন্তু নিউইয়র্কের কোর্টে নামলেই যেন বদলে যান তিনি। চাপ সামলানো নিয়ে প্রশ্ন করা হলে সাবালেঙ্কার স্পষ্ট জবাব, 'আমি নিজের দিকে ফোকাস করার চেষ্টা করছি। নিউইয়র্কের সময়টা উপভোগ করছি। জয়ের জন্য যা যা করা দরকার, আমি তার জন্য তৈরি। লড়াইয়ের জন্য আমি প্রস্তুত। ব্যাস, এটুকুই।'
কোর্টেও সেই মেজাজ। শুরুতেই সার্ভিস ব্রেক করে ২-১ গেমে এগিয়ে যান। এরপর ৪-১। কলম্বিয়ান প্রতিপক্ষ একবার ব্রেক করলেও, ফের ব্রেক করে মাত্র ৪০ মিনিটে প্রথম সেট পকেটে পোরেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই। ৩-৩ অবস্থায় দুটি ব্রেক পয়েন্ট বাঁচান তিনি। এরপর ৫-৪ অবস্থায় ওসোরিওর ভুলে ব্রেক করে ম্যাচ জেতেন। গোটা ম্যাচে ৪টি এস (ace) মারেন। প্রথম সার্ভে ছিনিয়ে নেন ৭৭ শতাংশ পয়েন্ট। ফ্লাশিং মিডোয় এটি তাঁর টানা ১৪তম জয়। শেষ ২১টি ম্যাচের মধ্যে ২০টিতেই জিতলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ পোলিনা ইয়াতসেনকো।
শিয়নটেকের অনায়াস শুরু
অন্যদিকে লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে অনায়াস জয় অষ্টম বাছাই ইগা শিয়নটেকের (Iga Swiatek)। চিনা প্রতিপক্ষ ওয়াং জিয়ুকে ৬-২, ৬-৩ ব্যবধানে হারালেন পোলিশ তারকা। টরন্টোয় খেতাব জয় এবং সিনসিনাটিতে সেমিফাইনালে ওঠার আত্মবিশ্বাস নিয়েই নিউইয়র্কে পা রেখেছিলেন। ৮৮ মিনিটের লড়াইয়ে সেই দাপট বজায় রাখলেন। প্রথম সেটে ৩-১ এগিয়ে থাকার পর চিনা প্রতিপক্ষকে দু'বার ব্রেক করেন। দ্বিতীয় সেটে ওয়াং কিছুটা প্রতিরোধ গড়লেও, অষ্টম গেমে ফের ব্রেক করে ম্যাচ নিজের পকেটে পোরেন ইগা।
তাঁর প্রতিক্রিয়া, 'নিঃসন্দেহে দিনটা খুব ভাল কাটল। শুরু থেকেই ভালো অনুভব করছিলাম। আমার মধ্যে এনার্জি ও তীব্রতা ছিল। আমি এটাই ধরে রাখতে চাই।' আরও জানান, 'টানা কয়েকটা ভাল ফলাফলের পর গ্র্যান্ড স্ল্যামে আসাটা সবসময়ই স্বস্তির। বিশেষ করে এই হার্ড কোর্ট সুইংয়ে আমি খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না বলেই এই জয়টা জরুরি ছিল।' দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন নাদিয়া পোদোরোস্কার।
জন্মদিনে জয়ী আনিসিমোভা
একই দিনে জন্মদিনে কোর্টে নেমে দারুণ উপহার জুটল আমান্ডা আনিসিমোভার (Amanda Anisimova)। গতবারের রানার্স মার্কিন তারকা ৭২ মিনিটের লড়াইয়ে স্বদেশীয় অ্যাশলিন ক্রুগারকে হারালেন ৬-১, ৬-৩ ব্যবধানে। দশম বাছাই আনিসিমোভা প্রথম সেটে তিনটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। দ্বিতীয় সেটে ক্রুগার কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা চালান। কিন্তু শুরুর দিকে ব্রেক আদানপ্রদানের পর শেষ গেমে নির্ণায়ক ব্রেকটি ছিনিয়ে নেন আনিসিমোভা (Tennis News)।
ম্যাচ শেষে দর্শকরা যখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, তখন ২৫ বছরের তারকার মুখে লাজুক হাসি। বলেন, 'আজ আমার জন্মদিন। হয়তো সেই কারণেই মানসিক চাপটা একটু কম ছিল।' দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়ার লিলি টাগারের বিরুদ্ধে কোর্টে নামবেন তিনি।

