Dailyhunt
'সহজ কথা' কি তবে আবার আসবে? রাহুলের শেষ ভিডিও পোস্ট করে যা জানাল টিম...

'সহজ কথা' কি তবে আবার আসবে? রাহুলের শেষ ভিডিও পোস্ট করে যা জানাল টিম...

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: প্রতি শুক্রবার সন্ধে হলেই দর্শকদের একটাই অপেক্ষা থাকত, নতুন পর্ব আসবে 'সহজ কথা'-র (Shohoj Kotha)। ঠিক সন্ধে ৬টায় ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেন বহু মানুষ। কিন্তু এ শুক্রবার সেই পরিচিত অপেক্ষার বদলে দেখা গেল এক অন্য দৃশ্য। নতুন কোনও পর্ব এল না। তার পরিবর্তে পোস্ট করা হল একটি আবেগঘন ভিডিও।

যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) বিভিন্ন এপিসোডের ছোট ছোট মুহূর্তকে তুলে ধরা হয়েছে। যেন পর্দার আড়াল থেকে নিজেই বিদায় জানালেন তিনি।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া একেবারেই সহজ নয়। ইন্ডাস্ট্রি থেকে দর্শক, কেউই এখনও বিশ্বাস করতে পারছেন না এই সত্যিটা। কিন্তু কিছু সত্য চিরন্তন, যতই অবিশ্বাস্য হোক তা সত্যিই থেকে যায়। রাহুলের এই অসময়ে অনন্তের পথে চলে যাওয়া যেন থামিয়ে দিল 'সহজ কথা'-র সফরকেও।

এর আগে টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, 'আমরা গভীর ভাবে শোকাহত। সহজ কথা হয়তো এতটুকুই ছিল... রাহুলদা ছিল, আছে, থাকবে।' এই একটুকু বার্তাতেই স্পষ্ট, শুধু একজন মানুষের মৃত্যু নয়, থেমে গেল একটি স্বপ্ন, একটি যাত্রা, একটি আড্ডার মঞ্চ।

প্রতি সপ্তাহে 'সহজ কথা'-র নতুন পর্বে রাহুলের আমন্ত্রণে অভিজ্ঞতা ভাগ করে নিতে আসতেন নানা ক্ষেত্রের তারকারা। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ থেকে রাজনীতি, ক্রীড়া, সামরিক ক্ষেত্র—সব জায়গার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এই মঞ্চে এসে নিজেদের গল্প বলেছেন। গত শুক্রবার অতিথি হয়ে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তখন কেউই ভাবেননি, সেটাই হয়ে থাকবে 'সহজ কথা'-র শেষ পর্ব।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall