Dailyhunt
সম্মুখ-সমরে গুকেশ-সিন্দারভ, পুরস্কারমূল্য ২০ কোটি টাকা! দাবার বিশ্বযুদ্ধের আয়োজক খুঁজছে ফিড

সম্মুখ-সমরে গুকেশ-সিন্দারভ, পুরস্কারমূল্য ২০ কোটি টাকা! দাবার বিশ্বযুদ্ধের আয়োজক খুঁজছে ফিড

THE WALL 1 week ago

দ্য ওয়াল ব্যুরো: ভারতের দোম্মারাজু গুকেশ (D Gukesh) বনাম উজবেকিস্তানের জাভোখির সিন্দারভ (Javokhir Sindarov)—দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপের প্রতিযোগী চূড়ান্ত। দুজনেই তরুণ। বয়স ২০ বছর। ইতিহাসে এই প্রথম এত কম বয়সের দুই চ্যাম্পিয়ন সম্মুখ-সমরে। আসন্ন এই মহারণ, যা মঞ্চস্থ করতে চাইলে আয়োজকদের খরচ করতে হবে প্রায় ৭১ কোটি টাকা!

বিডিং শুরু করেছে ফিড

আন্তর্জাতিক দাবা সংস্থা ফিড বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের আয়োজনের জন্য দরপত্র চাওয়া হচ্ছে। আগ্রহী দেশ বা শহরকে চলতি বছর ৩১ মে-র মধ্যে প্রস্তাব জমা দিতে হবে। লড়াই আয়োজনের পরিকল্পিত তারিখ ২৩ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর। মোট কর্মকাণ্ড ২৫ দিনের।

টাকার অঙ্ক

সাকুল্যে বাজেট ধরা হয়েছে প্রায় ৭১ কোটি টাকা বা ৮.৫ মিলিয়ন ডলার। এর মধ্যে পুরস্কারের অংশ কমপক্ষে ২০ কোটি টাকা বা ২.৫ মিলিয়ন ডলার। সম্প্রচার, স্পনসরশিপ ও বাণিজ্যিক স্বত্বের থেকে আয়ের ব্যবস্থা আয়োজকরাই করবেন। বিডিং ফর্ম পূরণ করে ফিডে সেক্রেটারিয়েটে জমা দিতে হবে।

প্রতিযোগীদের পরিচয়

একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডি গুকেশ। ২০২৪ সালে ডিং লিরেনকে (Ding Liren) হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন। ইতিহাসের সবচেয়ে কম বয়সে এই শিরোপা জেতেন। তবে সেই জয়ের পর ফর্ম ধরে রাখতে ব্যর্থ। ২০২৫ সালে কোনও টুর্নামেন্টে সাফল্য আসেনি। চলতি মরসুমেও অধঃপতনের ছাপ ধরা পড়েছে। অন্যদিকে উজবেক দাবাড়ু সিন্দারভ এ বছর ক্যান্ডিডেটস টুর্নামেন্টে দাপট দেখিয়ে চ্যালেঞ্জার হয়েছেন। একাধারে ক্ষুধার্ত ও আক্রমণাত্মক। গুকেশকে হারানোর জন্য মরিয়া মেজাজেই চৌষট্টি খোপের লড়াইয়ে নামবেন।

প্রতিদ্বন্দ্বীদের মিল এক জায়গায়—আসন্ন ম্যাচের সময় দুই প্রতিযোগীর বয়স দাঁড়াবে ২০ বছর—দাবার ইতিহাসে এমন কমবয়সী লড়াই আর আগে হয়নি।

শেষবার গুকেশ ও ডিং লিরেনের ম্যাচ হয়েছিল সিঙ্গাপুরে, ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে। রিসোর্টস ওয়ার্ল্ড সেন্তোসার ইকোয়ারিয়াস হোটেলে। প্রধান স্পনসর ছিল গুগল। সেবার তিনটি শহর বিড করেছিল—সিঙ্গাপুর, চেন্নাই ও নয়াদিল্লি। এবার কি ভারতের কপালে শিকে ছিঁড়বে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের দুটো শহর শেষবার বিডে থাকলেও কপাল খোলেনি। এবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয়। তাই দেশের মাটিতে লড়াই হওয়ার দাবি বেশ জোরদার। নভেম্বরের আগেই প্রশ্নের মিলবে উত্তর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall