দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ট্রোলিং বা নিছক ব্যঙ্গ-কৌতুক দিয়ে যাত্রা শুরু হলেও, বর্তমান দেশের রাজনীতিতে রাতারাতি সাড়া ফেলে দিয়েছে 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party)। দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁস নিয়ে বিশাল ছাত্র আন্দোলনের পর নিজেদের পরবর্তী রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেছিল এই তরুণ সংগঠনটি।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে আয়োজিত দু'দিনের বৈঠক শেষে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke CJP) জানিয়ে দিলেন, কোনও রাজনৈতিক দল গড়ার ইচ্ছে তাঁদের নেই, আপাতত তরুণদের দাবি আদায়ে 'প্রেসার গ্রুপ' বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবেই কাজ করবে সিজেপি।
'আমাদের লক্ষ্য নির্বাচন নয়, অধিকার আদায়'
৩০ বছর বয়সী বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর দিপকে জানান, মাত্র দু'মাস আগে জন্ম নেওয়া এই দলটি এখন লক্ষ লক্ষ বেকার ও ক্ষুব্ধ তরুণ-তরুণীর ভরসা হয়ে উঠেছে। প্রশ্নফাঁসের জেরে তাঁদের টানা আন্দোলনের মুখে পড়ে ইতিমধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে রাজধানী কাঁপানোর পর আসল চ্যালেঞ্জ এখন সংগঠন ছড়িয়ে দেওয়া।
অভিজিৎ বলেন, "সংবাদমাধ্যম হয়তো আমাদের রাজনীতিতে আসা নিয়ে বেশি উৎসুক, কিন্তু আমরা কোনও রাজনৈতিক দল চালু করার কথা ভাবছিই না। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে তরুণদের সমস্যা শোনার পরিকল্পনা রয়েছে আমাদের।"
কোন পথে সিজেপি-র আন্দোলন?
সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা-সহ ৫০ জনের একটি দল এই কৌশলগত বৈঠকে উপস্থিত ছিলেন। আদালতের পাশাপাশি দেশের প্রশাসনিক ব্যবস্থার উপরও আমজনতার ভরসা উঠে গেছে বলে মন্তব্য করেন দিপকে। তিনি জানান, দেশের যেখানেই ছাত্ররা নিজেদের বঞ্চনা ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হবে, সেখানেই পাশে দাঁড়াবে সিজেপি।
ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনে নজর
এদিকে জেপিএসসি (JPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে গত ১২ দিন ধরে ছাত্রদের প্রতিবাদ চলছে। আন্দোলনকারী ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতো অনশনে বসেছেন। লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক ইতিমধ্যেই এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। ওয়াংচুককে নিজেদের 'মেন্টর' বা পথপ্রদর্শক মেনে অভিজিৎ দিপকে ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন পড়লে ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সরাসরি সেখানে পৌঁছে যাবে সিজেপির প্রতিনিধি দল।
কেন্দ্রের বিরুদ্ধে যুবশক্তির এই লড়াইকে আরও সুসংগঠিত রূপ দেওয়াই এখন সিজেপি-র মূল লক্ষ্য। দল না গড়েও দেশের যুবসমাজকে কীভাবে একছাতার তলায় এনে পরিবর্তনের ডাক দেওয়া যায়, তা নিয়ে এখন তোড়জোর চালাচ্ছেন সিজেপি নেতৃত্ব।

