Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সাত সকালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে ইডি, বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

সাত সকালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে ইডি, বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের অন্ডালে বৃহস্পতিবার ভোর থেকে তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পূর্বাঞ্চল কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর এক অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আসেন বৃহস্পতিবার। তবে কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

তদন্তকারী সংস্থার লক্ষ্যবস্তু অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকার বাসিন্দা দিলীপ মল্লিক। তিনি ইসিএলের প্রাক্তন কর্মী। বৃহস্পতিবার ভোরেই ইডির একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছয়। শুরু হয় তল্লাশি। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

স্থানীয় সূত্রের দাবি, দিলীপ মল্লিক দীর্ঘদিন ইসিএলে কর্মরত ছিলেন এবং অবসরের পর পরিবার নিয়ে ওই বাড়িতেই বসবাস করছেন। এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, তাঁকে আগে কখনও কোনও বেআইনি বা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি। ফলে আচমকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান ঘিরে স্বভাবতই তৈরি হয়েছে কৌতূহল ও জল্পনা।

তদন্তের নির্দিষ্ট কারণ প্রকাশ না হওয়ায় বিভিন্ন মহলে নানা সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইসিএলে কর্মরত থাকার সময় কোনও আর্থিক অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তাঁর যোগ ছিল কি না, সেই দিকটি খতিয়ে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কর্মসূত্রে রাজনৈতিক মহলের কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগের সূত্রও তদন্তের আওতায় এসেছে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। যদিও এই সব বিষয়েই এখনও পর্যন্ত ইডির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, এই অভিযানের ঠিক একদিন আগেই কলকাতার সল্টলেকে ঝাড়খণ্ডের এক পরিচিত ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। একই দিনে সঞ্জয় ঘোষ নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতেও অভিযান চালানো হয়। তার পরের দিনই অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি শুরু হওয়ায় পরপর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

দিলীপ মল্লিকের বাড়িতে তল্লাশি চলাকালীন কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে অভিযানের উদ্দেশ্য এবং এর সঙ্গে যুক্ত মামলার প্রকৃতি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall