দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে শুটিং চলাকালীন বিষাক্ত পোকার কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেতা রাজেশ শর্মাকে (Rajesh Sharma)। গুরুতর অসুস্থ তিনি। 'তনু ওয়েডস মনু রিটার্নস', 'এম এস ধোনি' খ্যাত এই প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে বেশ উদ্বেগজনক (Rajesh Sharma health update)।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে এবং নড়েচড়ে বসেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (All India Cine Workers Association)।
ঠিক কী ঘটেছিল?
হায়দরাবাদে সুপারস্টার প্রভাসের আগামী সিনেমা 'ফৌজি'-র শুটিং করছিলেন রাজেশ শর্মা ('Fauji' shooting in Hyderabad)। সেটের মধ্যেই তাঁকে একটি পোকা কামড়ায়। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও, ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ইনফেকশন বা সংক্রমণের কারণে অভিনেতার প্রচণ্ড জ্বর আসে এবং সেই সঙ্গে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়।
পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রাজেশ শর্মা এখনও পুরোপুরি বিপদমুক্ত নন এবং তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিচালক সুদীপা চট্টোপাধ্যায় প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার এই অসুস্থতার খবর সকলের সামনে আনেন।
ক্ষুব্ধ সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)
রাজেশ শর্মার এই অসুস্থতায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে 'অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন'। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র বা গাফিলতির গন্ধ পাচ্ছেন। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি জারি করে AICWA-র পক্ষ থেকে বেশ কিছু জরুরি প্রশ্ন তোলা হয়েছে।
অভিনেতার শরীর খারাপ হওয়ার পরেও কেন তাঁকে হায়দরাবাদের কোনও বড় হাসপাতালে তৎক্ষণাৎ ভর্তি করা হল না?
তেলঙ্গনার মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি
বিষয়টি হালকাভাবে নিতে নারাজ AICWA। তারা তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে এই ঘটনার একটি উচ্চপর্যায়ের এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। যে সমস্ত প্রযোজনা সংস্থা সেটের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বুড়ো আঙুল দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও আরজি জানানো হয়েছে। এর পাশাপাশি, রাজেশ শর্মার চিকিৎসার সমস্ত খরচ যাতে 'ফৌজি' সিনেমার প্রযোজক ও প্রযোজনা সংস্থা বহন করে, সেই দাবিও তুলেছে সংগঠনটি।
টলিউড থেকে বলিউড- সর্বত্রই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন রাজেশ শর্মা। 'পরিণীতা', 'খোশলা কা ঘোসলা', 'ইশকিয়া', 'নো ওয়ান কিলড জেসিকা', 'দ্য ডার্টি পিকচার'-এর মতো অজস্র জনপ্রিয় সিনেমায় তাঁর অভিনয় দর্শক মনে গেঁথে রয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর এই অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুগামীরা। তবে এই গোটা বিতর্ক ও অভিযোগের বিষয়ে 'ফৌজি' সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সবাই এখন অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।

