Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্কুলে এনসিসি ফেরাতে প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি দেবেন শুভেন্দু! জানালেন, 'রাখি স্রেফ সুতো নয়, রাষ্ট্রবাদের সংকল্প'

স্কুলে এনসিসি ফেরাতে প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি দেবেন শুভেন্দু! জানালেন, 'রাখি স্রেফ সুতো নয়, রাষ্ট্রবাদের সংকল্প'

THE WALL 2 months ago

দ্য ওয়াল ব্যুরো: রাখিবন্ধন উৎসব (Rakhi Bandhan) কেবল মাত্র একটি ধর্মীয় আচার বা ভাই-বোনের ভালবাসার সুতো নয়, এটি রাষ্ট্রবাদ ও দেশপ্রেমের কঠিন অন্তর্নিহিত শক্তি— নজরুল মঞ্চে রাখির অনুষ্ঠান থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari News)। রাজ্য জুড়ে প্রায় ৪ হাজারটি স্থানে সরকার ও লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে ২৬ লক্ষ রাখি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে তিনি জানান, বৈচিত্রের মাঝেও দেশকে ভেতর থেকে শক্তিশালী করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।

রাখি পূর্ণিমার দুটি প্রধান দিক তুলে ধরে তিনি বলেন, একদিকে সনাতন সংস্কৃতিতে শিশুপাল বধ থেকে শুরু করে হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস যুক্ত রয়েছে, অন্য দিকে ১৯০৫ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক অকাল রাখিবন্ধন উৎসব তৎকালীন পরাক্রমশালী ব্রিটিশ রাজশক্তিকে পিছু হটতে বাধ্য করেছিল। কর্মসূচির শুরুতে প্রদর্শিত ক্ষুদ্র চলচ্চিত্রেও দেখানো হয়, এই উৎসবের নেপথ্যে এক গভীর জাতীয়তাবাদী চেতনা কাজ করে।

অতীতে রাজ্য সরকার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি থেকে দূরে থাকলেও এ বার তাতে সক্রিয় ভাবে যুক্ত হওয়া নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ব যোগ দিবস (২১ জুন): বিশ্বের ১৫০টিরও বেশি দেশে পালিত এই কর্মসূচিতে এ বছর পশ্চিমবঙ্গে প্রায় ৩ কোটি মানুষ অংশ নিয়েছেন। কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে একসঙ্গে ৩৫ হাজার মানুষ যোগাভ্যাস করেন।

হর ঘর তিরঙ্গা: স্বাধীনতার ৮০ বছর পূর্তিতে রাজ্যের উদ্যোগে প্রথম বার ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। ময়দানের গোষ্ঠপালের মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত ৪৫ হাজার দেশপ্রেমিক নাগরিকের অংশগ্রহণে 'বন্দে মাতরম' ও 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে মুখরিত হয় তিলোত্তমা।

সীমান্ত সুরক্ষায় ভারতীয় সেনা, বিএসএফ ও এসএসবি নিয়োজিত থাকলেও, দেশের অভ্যন্তরে থেকে যারা ভারতকে দুর্বল করতে চায়, তাদের প্রতিরোধ করতে রবীন্দ্রনাথের দেখানো পথে রাষ্ট্রবাদের রাখিবন্ধন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। উপস্থিত তরুণ প্রজন্মকে (যাঁরা সভার ৯০ শতাংশ) উদ্দেশ্য করে তিনি পরামর্শ দেন, পরিবার সামলানোর পাশাপাশি আধুনিক শিক্ষা, আইআইটি, আইটিআই ও স্কিল ট্রেনিং নিয়ে ইউপিএসসি বা পিএসসি উত্তীর্ণ হয়ে দেশ ও রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে 'খেলো ইন্ডিয়া', 'জোড়ো ইন্ডিয়া', ভারতীয় সেনা কিংবা 'অগ্নিবীর' হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান। ইতিহাস স্মরণের আর্জি জানিয়ে তিনি ঋষি অরবিন্দ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয়-বাদল-দিনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু এবং মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগের কথা তুলে ধরেন।

নিজের কলেজ জীবনের (একাদশ শ্রেণি থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত) দীর্ঘ পাঁচ বছর 'ন্যাশনাল সোশ্যাল সার্ভিস' (NSS)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনের স্মৃতি স্মরণ করেন তিনি। প্রতি বছর দুর্গাপূজার ছুটিতে গ্রামে গ্রামে গিয়ে প্রাথমিক স্কুলের বেঞ্চে রাতে থেকে, নিজেরা রান্না করে ভাঙা রাস্তা মেরামত, পুকুরের কচুরিপানা ও পার্থেনিয়ামের জঙ্গল সাফাই এবং ব্লিচিং-ফিনাইল দিয়ে গ্রাম পরিচ্ছন্ন রাখার কাজের অভিজ্ঞতা তিনি তুলে ধরেন।

ভারতকে বিশ্বগুরু আখ্যা দিয়ে তিনি জানান, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অর্থনীতিতে ১২ নম্বর স্থান থেকে চার নম্বরে উন্নীত হয়েছে। ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্র আজ বিদেশে রফতানি হচ্ছে। পহেলগামে নিরীহ পর্যটকদের ওপর হামলার জবাবে বায়ুসেনা শত কিলোমিটার ভেতরে ঢুকে প্রতিআক্রমণ চালিয়েছে, এবং লখনউতে তৈরি ব্রহ্মস শত্রুদেশের ড্রোন অকেজো করেছে।

ইসরায়েলের ধাঁচে দেশের তরুণদের প্রতিরক্ষা শিক্ষা দেওয়ার ওপর জোর দিয়ে তিনি জানান, উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সীমান্তসংলগ্ন সব স্কুল-কলেজে এনসিসি (NCC) বাধ্যতামূলক করার প্রস্তাব ওঠে। রাজ্যে ইতিপূর্বে এনসিসি বন্ধ করে 'জয় হিন্দ বাহিনী' চালু হলেও, তিনি রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনসিসি ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন। পাশাপাশি এনএসএস ও ব্রতচারী আন্দোলনকেও পুনরুজ্জীবিত করার বার্তা দেন।

স্বামী বিবেকানন্দের অনুরাগী ভগিনী নিবেদিতার (মার্গারেট এলিজাবেথ নোবেল) লেখা 'দ্য মাস্টার অ্যাজ আই স হিম' (The Master as I Saw Him) বইটির উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দেন— 'দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড' (The queen of adoration was his motherland)। অর্থাৎ বিবেকানন্দের আরাধ্যা দেবী ছিলেন সয়ং ভারতমাতা। ২০২৬ সালের এই রাখিবন্ধনকে 'রাষ্ট্রবাদের বন্ধন' ও 'নেশন ফার্স্ট' (জাতি সর্বাগ্রে) হিসেবে উদযাপনের আহ্বান জানান তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall