Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সৃজলাকে ঘিরে নন্দিনী বিতর্ক তুঙ্গে, 'লজ্জাজনক' বলে সরব শন

সৃজলাকে ঘিরে নন্দিনী বিতর্ক তুঙ্গে, 'লজ্জাজনক' বলে সরব শন

THE WALL 1 day ago

দ্য ওয়াল ব্যুরো: 'বিগ বস বাংলা'র ঘরে ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলা গুহর চোট পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশই বাড়ছে। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় অভিনেত্রীর মাথায় আঘাত লাগে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সাধারণ দর্শকের পাশাপাশি ইন্ডাস্ট্রির একাধিক মানুষও ঘটনাটি নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন।

ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে নন্দিনীর সোশ্যাল মিডিয়া টিমের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে গোটা ঘটনাটিকে অনিচ্ছাকৃত এবং দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি সৃজলার কাছে দুঃখপ্রকাশও করা হয়। কিন্তু সেই বক্তব্যে যে সৃজলার টিম সন্তুষ্ট নয়, তা স্পষ্ট হয়ে যায় পরবর্তী বিবৃতিতে।

সৃজলার টিমের তরফে জানানো হয়েছে, তাঁরা নন্দিনীর পক্ষ থেকে আসা ক্ষমাপ্রার্থনা গ্রহণ করছেন না। তাঁদের বক্তব্য, বিগ বসের একটি টাস্কের অংশ হিসেবে বিষয়টিকে দেখলে ঘটনার গুরুত্ব কমে যায়। তাঁদের কাছে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং কোনও ধরনের যুক্তি বা ব্যাখ্যা দিয়ে এই আচরণকে গ্রহণযোগ্য করে তোলা সম্ভব নয়। এই মুহূর্তে তাঁদের সমস্ত মনোযোগ সৃজলার সুস্থতার দিকে এবং অভিনেত্রীর পাশে থাকার কথাও জানানো হয়েছে।

এরই মধ্যে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। চলতি মরশুমে 'বিগ বস বাংলা'র প্রতিযোগী হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা থাকলেও শো শুরু হওয়ার আগেই পায়ে চোট পাওয়ায় শেষ পর্যন্ত অংশ নিতে পারেননি তিনি। প্রতিযোগী হিসেবে দেখা না গেলেও অনুষ্ঠানটির নিয়মিত দর্শক হিসেবে শোয়ের বিভিন্ন ঘটনা তিনি অনুসরণ করছেন।

সৃজলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর সরাসরি কারও নাম না নিয়েই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন শন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ভীষণ বিরক্তিকর। লজ্জাজনক। এটা একেবারেই হওয়া উচিত ছিল না। এর বিচার অবশ্যই হবে।'

যদিও পোস্টে নন্দিনীর নাম উল্লেখ করেননি শন, তাঁর মন্তব্যের সময় এবং সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপট দেখে নেটিজেনদের একাংশের ধারণা, ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলার চোট পাওয়ার ঘটনাকেই ইঙ্গিত করেছেন অভিনেতা। ফলে সৃজলাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার যোগ হল শনের প্রতিক্রিয়াও।

অন্যদিকে, সৃজলার শারীরিক অবস্থা নিয়েও অনুরাগীদের মধ্যে উদ্বেগ রয়েছে। অভিনেত্রীর টিম জানিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শরীরে যন্ত্রণা থাকলেও আপাতত কোনও বড় ধরনের অভ্যন্তরীণ চোটের খবর পাওয়া যায়নি। ফলে শারীরিক পরিস্থিতির দিকে যেমন নজর রয়েছে, তেমনই এই ঘটনার পর 'বিগ বস বাংলা' কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, সেদিকেও তাকিয়ে দর্শক।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall