Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'তারকাটা' নিয়ে রহস্যের পর রহস্য, শেষমেশ কী জানালেন বিক্রম?

'তারকাটা' নিয়ে রহস্যের পর রহস্য, শেষমেশ কী জানালেন বিক্রম?

THE WALL 3 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বরাবরই নিজের কাজ নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। ছোটপর্দার পরিচিত মুখ থেকে বড়পর্দা এবং ওটিটি—প্রতিটি মাধ্যমেই নিজের জায়গা পাকা করেছেন তিনি। সম্প্রতি অভিনেতার নতুন ওয়েব সিরিজ 'তারকাটা' নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

তবে সিরিজ মুক্তির আগেই এই প্রজেক্টকে ঘিরে তৈরি হয়েছিল জোর বিতর্ক ও ধোঁয়াশা।

শুক্রবার আচমকাই জানা যায়, 'তারকাটা' থেকে প্রযোজক হিসেবে সরে দাঁড়াচ্ছেন বিক্রম। তাঁর প্রযোজনা সংস্থা বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, কিছু অপ্রত্যাশিত সৃজনশীল মতপার্থক্যের কারণে সংস্থাটি এই প্রজেক্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু প্রযোজকের পদ নয়, প্রযোজনা সংস্থার তরফেও সিরিজের সঙ্গে সমস্ত ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হয়েছিল।

এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয় টলিপাড়ায়। কী এমন ঘটল যে নিজেরই স্বপ্নের প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে হল বিক্রমকে? প্রশ্ন উঠতে থাকে নানা মহলে।

তবে সেই ধোঁয়াশা বেশিদিন স্থায়ী হল না। রবিবার সকালে জি ফাইভ বাংলার তরফে একটি রহস্যময় পোস্ট প্রকাশ করা হয়। সেখানে ইঙ্গিত দেওয়া হয় যে 'তারকাটা' ঘিরে গল্প এখনও শেষ হয়নি। বরং এই সম্পর্ক নিয়ে গর্বিত বলেই জানায় ওটিটি প্ল্যাটফর্মটি। পোস্টে আরও উল্লেখ করা হয়, আসল চমক এখনও বাকি।

এরপর বেলা গড়াতেই সামনে আসে একটি বিশেষ ভিডিও, যা কার্যত সমস্ত জল্পনার অবসান ঘটায়। ভিডিওতে বিক্রম নিজেই স্পষ্ট ভাষায় জানান, 'আমিই তারকাটার প্রযোজক।' পাশাপাশি তিনি দর্শকদের জন্য আরও একটি সুখবর দেন—খুব শীঘ্রই প্রকাশ্যে আসছে সিরিজের ট্রেলার।

ফলে কয়েক ঘণ্টার মধ্যেই 'সরে দাঁড়ানো' থেকে 'ফিরে আসা'—এই নাটকীয় মোড় ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে 'তারকাটা'। আদৌ এটি কোনও সৃজনশীল মতপার্থক্যের জেরে তৈরি পরিস্থিতি ছিল, নাকি প্রচারের কৌশল—সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে এতটুকু নিশ্চিত, সিরিজটিকে ঘিরে দর্শকদের কৌতূহল কয়েকগুণ বেড়ে গিয়েছে।

উল্লেখ্য, এই সিরিজে বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ম্যয়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য-সহ আরও একাধিক পরিচিত মুখ। ট্রেলার প্রকাশের অপেক্ষায় এখন দর্শকরা, কারণ 'তারকাটা' যে ইতিমধ্যেই মুক্তির আগেই চর্চার কেন্দ্রে উঠে এসেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall