Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তারাপীঠে দানবাক্সের টাকায় বেনিয়ম! ১৫ বছরের বিতর্কের পর বড় পদক্ষেপ, এবার থেকে লেনদেন হবে ডিজিটালে

তারাপীঠে দানবাক্সের টাকায় বেনিয়ম! ১৫ বছরের বিতর্কের পর বড় পদক্ষেপ, এবার থেকে লেনদেন হবে ডিজিটালে

THE WALL 6 days ago

দ্য ওয়াল ব্যুরো: দানবাক্সের টাকা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর বড় পদক্ষেপ নিল তারাপীঠ মন্দির (Tarapith Temple) কমিটি। এবার থেকে মন্দিরে প্রতিদিন জমা হওয়া সমস্ত দান ও তহবিলের টাকা ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাঙ্কে জমা করা হবে (temple donation controversy)। শুধু তাই নয়, আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাল ব্যবস্থা চালু, আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং চেকের মাধ্যমে বড় অঙ্কের লেনদেনের মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে তারাপীঠ মন্দিরের দান ও তহবিলের টাকা নিয়মিত ব্যাঙ্কে জমা না হওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি একসঙ্গে প্রায় আড়াই কোটি টাকা মন্দির কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরপরই আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত তারাপীঠ মন্দির কমিটি (Tarapith Temple committee)।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে প্রতিদিন দানবাক্স ও অন্যান্য উৎস থেকে যে অর্থ জমা হবে, তা সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। যদি কোনও কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে, তাহলে পরবর্তী কর্মদিবসেই সেই টাকা জমা দেওয়া হবে।

এছাড়াও, মন্দিরের বিভিন্ন তহবিলের জন্য আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রতিটি তহবিলের আয়-ব্যয়ের হিসাব পৃথকভাবে সংরক্ষণ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে আর্থিক হিসাব আরও স্বচ্ছ হবে।

কমিটি জানিয়েছে, ধাপে ধাপে মন্দিরের সমস্ত আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে আনা হবে। সেই কাজের জন্য নতুন কর্মীও নিয়োগ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা মন্দির কমিটির অফিস নির্মাণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ছোটখাটো দৈনন্দিন খরচ নগদে মেটানো হলেও বড় অঙ্কের সমস্ত লেনদেন শুধুমাত্র চেকের মাধ্যমে করা হবে। এর ফলে প্রতিটি আর্থিক লেনদেনের লিখিত নথি সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে কোনও ধরনের বিতর্ক বা অনিয়মের অভিযোগের সুযোগ কমবে বলে মনে করছে কমিটি।

উল্লেখ্য, বর্তমানে তারাপীঠ মন্দিরের তহবিলের জন্য পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। অভিযোগ, গত প্রায় ১৫ বছর ধরে মন্দিরে জমা হওয়া দানের টাকা নিয়ম মেনে ব্যাঙ্কে জমা করা হচ্ছিল না। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন মন্দির কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক হয়েছেন সেবাইত পুলক চট্টোপাধ্যায়।

মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাঙ্কিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। একইসঙ্গে ডিজিটাল লেনদেনও চালু হবে। তাঁর দাবি, প্রায় ১৫ বছর আগে এই নিয়ম চালু থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। নতুন কমিটির লক্ষ্য, মন্দিরের আর্থিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall