দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি তৃতীয় টেস্টের চতুর্থ দিনেই নিজের সিদ্ধান্তের কথা জানান ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ও প্রাক্তন অধিনায়ক। সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ডের জার্সিতে তাঁর দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি ঘটবে।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্টোকসের। তারপর থেকে তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ১১ হাজার ৩২১ রান করেছেন তিনি। পাশাপাশি নিয়েছেন ৩৫২টি উইকেট। ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য আধুনিক যুগের ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অবসরের ঘোষণা করে স্টোকস স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের। কোনও ব্যক্তি বা পরিস্থিতির চাপে নয়, নিজের ইচ্ছাতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, দীর্ঘ কেরিয়ারে সাফল্য যেমন এসেছে, তেমনই মাঠের ভিতরে ও বাইরে কঠিন সময়ও এসেছে। সবকিছু মিলিয়েই এখন তাঁর মনে হচ্ছে, এটা থামার সঠিক সময়।
সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় স্টোকস লিখেছেন, 'গত ১৫ বছরের যাত্রাটা ছিল অবিশ্বাস্য। কখনও জীবনের সবচেয়ে আনন্দ উপভোগ করেছি আবার কখনও সবচেয়ে কঠিন সময়। সবকিছুরই সাক্ষী থেকেছি। কিন্তু এবার সময় শেষ হয়েছে। এই সিদ্ধান্ত অন্য কেউ নয়, শুধু আমিই নিতে পারতাম। তাই নিলাম।'
সমর্থক, সতীর্থ, পরিবার এবং বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৫ বছরের এই অলরাউন্ডার। তিনি লিখেছেন, 'ইংল্যান্ডের প্রতিটি সমর্থক এবং বিশ্বের সব ক্রিকেটপ্রেমীকে ধন্যবাদ, যাঁরা এত বছর ধরে আমাকে সমর্থন করেছেন। ইংল্যান্ডের হয়ে যাঁদের সঙ্গে মাঠে নেমেছি, তাঁদের প্রত্যেকের প্রতি আমার ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে।'
এই খবর শুনে অনেকেরই মন খারাপ। তবে, ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না তিনি। বরং এবার থেকে ইংল্যান্ড দলের একজন সমর্থক হিসেবে মাঠের বাইরে বসে দলের লড়াই উপভোগ করবেন বলে জানিয়েছেন। শেষে বলেন, 'এবার একজন সমর্থক হিসেবে ইংল্যান্ডকে উৎসাহ দেওয়ার অপেক্ষায় আছি।'

