দ্য ওয়াল ব্যুরো: খালি গা। দেশের গর্বে ছাতি ফুলে বুঝি ছাপ্পান্ন! লর্ডসে ড্রেসিং রুমের বারান্দায় দাঁড়িয়ে গায়ের জামা উড়িয়ে প্রথম 'দাদাগিরি' দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দৃশ্য ফের প্রকাশ্যে তাঁর জন্মদিনে। আগাম খবর ছিল, সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসবে পর্দার 'দাদা'র লুক। একই সঙ্গে ঘোষণা হবে ছবিমুক্তির দিনও।
বুধবার তেমনটাই ঘটলো। পর্দার 'সৌরভ গঙ্গোপাধ্যায়' রাজকুমার রাও এ দিন ভাগ করে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের পর্দার প্রথম লুক। খালি গায়ে জামা ঘোরাচ্ছেন তিনি! সেই সঙ্গে ঘোষণা হল ছবিমুক্তির দিন। সব ঠিক থাকলে ২০২৭-এর ১৪ মে মুক্তি পাবে ছবি।
ইতিমধ্যেই মুম্বই, কলকাতা-সহ ছবির একপ্রস্থ শুটিং শেষ করেছেন 'দাদা' ছবির পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী। সূত্রের খবর, চলতি মাসের শেষে লন্ডনে ছবির কিছু অংশ শুটের জন্য উড়ে যেতে পারে ছবির টিম। ফের দেশে ফিরে কলকাতায় আর এক প্রস্থ শুট হবে।
বাংলার 'মহারাজ'-এর জীবন নিয়ে ছবি। বাংলার অভিনেতাদের দেখা যাবে না?
এখানেও হতাশ করছেন না পরিচালক। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়, মা নিরূপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, রাহুল দেব বসু। খবর, বাংলা এবং মুম্বই মিলিয়ে এঁরা ইতিমধ্যেই অংশ নিয়েছেন। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তন্যা মানিকতলাকে।
একই ভাবে রাজকুমারের 'সৌরভ' হয়ে ওঠার সাক্ষী হয়েছে কলকাতা। শুটের ফাঁকে ইডেন গার্ডেন মাঠে গা ঘামাতে দেখা গিয়েছে তাঁকে।

