Dailyhunt
Weather: ৪-৬ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আজ থেকেই বাংলায় হাওয়া বদল, কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather: ৪-৬ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আজ থেকেই বাংলায় হাওয়া বদল, কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

THE WALL 3 weeks ago

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া চলছে (West Bengal Weather Update)। সকাল থেকেই আকাশে মেঘ জমে থাকছে, বেলা গড়াতেই কোথাও ঝেঁপে বৃষ্টি আবার কোথাও সন্ধ্যার পর অফিস ফেরত যাত্রীদের ভোগাচ্ছে ঝড়-বৃষ্টি। ভিজে কাক হয়ে বাড়ি ফেরাই যেন স্বাভাবিক দৃশ্য হয়ে উঠেছে শহর ও জেলার রাস্তায়।

যদিও এই আবহাওয়া কিছুটা স্বস্তি দিয়েছে ভ্যাপসা গরম থেকে, তবে সেই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকেই আবহাওয়ায় পরিবর্তনের (Weather Forecast) ইঙ্গিত মিলবে। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না, বরং তার দাপট কিছুটা কমবে। এই দিন থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার কলকাতা (Kolkata Weather), হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির জন্য অ্যালার্টও জারি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও (North Bengal Weather) শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির দাপট চলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। এর ফলেই রাজ্যজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আবহাওয়া অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রও উত্তাল থাকতে পারে। তাই আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নীচে বা উঁচু জায়গায় না থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে স্বস্তির খবর হল, শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রোদের তেজ বাড়বে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ফের বাড়তে পারে। সপ্তাহান্তে বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রাও আবার ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে বৃষ্টিভেজা কয়েকদিনের পর ফের গরম ও আর্দ্র আবহাওয়ার মুখোমুখি হতে চলেছে রাজ্যবাসী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall