দ্য ওয়াল ব্যুরো: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করে দিল বোর্ড। আর সেই দলে জায়গা করে নিয়ে রীতিমতো চমক দিলেন তরুণ পেসার নন্দিনী শর্মা (Nandini Sharma)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া (Yastika Bhatia) এবং অলরাউন্ডার রাধা যাদবও (Radha Yadav)।
হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে মোট ১৫ জনকে নিয়ে গড়া হয়েছে এই দল। বিশ্বকাপের আগে এই দলটিই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামবে।
গত মরসুমের ডব্লিউপিএলে দারুণ পারফরম্যান্সই নন্দিনীর ভাগ্য বদলে দিয়েছে। দিল্লির হয়ে তিনি নেন ১৭টি উইকেট-যা ছিল টুর্নামেন্টে সর্বোচ্চ, সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে শীর্ষে। সেই পারফরম্যান্সই তাঁকে প্রথমবার আন্তর্জাতিক দলে জায়গা করে দেয়। গুজরাতের বিরুদ্ধে নিজের দ্বিতীয় ডব্লিউপিএল ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন নন্দিনী। পরে ভারতের হয়ে রাইজ়িং স্টার্স এশিয়া কাপে খেলেও নজর কাড়েন।
দলে জায়গা হয়নি অলরাউন্ডার আমনজ্যোৎ কৌরের। চোটের জন্য তিনি আগেই ছিটকে যান। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন কাশ্বী গৌতম, কিন্তু তিনিও চোট পেয়ে বাদ পড়েছেন। তাঁর ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে। দলে সুযোগ পাননি অনুষ্কা শর্মা এবং উমা ছেত্রীও।
লম্বা সময় বাদ থাকার পর জাতীয় দলে ফিরলেন উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া। গত বছর অগস্টে ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তাঁর এসিএল অস্ত্রোপচার হয়। তিনি এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন, যার শেষ ম্যাচটি ছিল ২০২৪-এর এপ্রিলে।
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া রাধা যাদবও আবার ফিরলেন দলে। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছে নির্বাচকমণ্ডলী। অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত কৌর আবারও বড় দায়িত্ব সামলাতে চলেছেন। এই নিয়ে পঞ্চমবার ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সর্বোচ্চ রানও করেছিলেন হরমন।
ভারতীয় দল (১৫ জন):
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ়, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।
বিশ্বকাপে ভারতের ম্যাচসূচি:
১৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে বার্মিংহামে ২০ ওভারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার। গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে।

