দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ অধরাই রয়ে গেল, তাতে কী! অহংবোধে তো আর মরচে ধরেনি।
স্পেনের কাছে ১-০ গোলে হেরে (Spain vs Portugal) শেষ ষোলো থেকে পর্তুগাল যখন বিদায় নিল (FIFA World Cup), তখন ৪১ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গলায় আক্ষেপের চেয়ে বেশি শোনা গেল আত্মস্তুতি (Cristiano Ronaldo Interview)।
বিশ্বকাপ জিততে না পারার ব্যর্থতা ঢাকতে বিদায়বেলায় মনে করিয়ে দিলেন, তিনি আসার আগে পর্তুগালের ফুটবল ইতিহাস স্রেফ শূন্য ছিল (FIFA World Cup 2026)। বিশ্বমঞ্চ থেকে ছিটকে গিয়ে 'আঙুর ফল টক'-গোছের যুক্তিতে সাফ জানালেন, ২০১৬ সালে জেতা ইউরো কাপই তাঁর কাছে বিশ্বকাপের সমান! অর্থাৎ, বিশ্বমঞ্চে ট্রফি না জুটলেও, দম্ভের জোরে তিনি যে একচুলও জমি ছাড়ছেন না, তা আরও একবার স্পষ্ট (Cristiano Ronaldo Retirement)!
দিদির দাবিতে জল ঢেলে এখনই অবসরে নারাজ
ম্যাচের আগে তাঁর দিদি ঘোষণা করেছিলেন, বিশ্বকাপের পরেই বুটজোড়া তুলে রাখবেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু দিদি বললেই যে তল্পিতল্পা গুটিয়ে ফেলতে হবে, এমন বান্দা রোনাল্ডো নন। বিদায়ের পরে তাঁর স্পষ্ট বার্তা, এখনই তাড়াহুড়ো করে অবসরের মতো বড় সিদ্ধান্ত নিচ্ছেন না। রোনাল্ডোর কথায়, 'এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় দুঃখিত। আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। সেরাটা দিয়েছি এবং পরিষ্কার বিবেক নিয়েই ফিরছি। হ্যাঁ, এটা আমার শেষ বিশ্বকাপ ছিল ঠিকই, কিন্তু এখন আমার হাতে ভাবার সময় আছে। পরিবারের সঙ্গে সময় কাটাব। কোনও হঠকারী সিদ্ধান্ত নেব না!'
'আমার আগে পর্তুগালের ট্রফির ভাঁড়ার শূন্য ছিল!'
নিজের আন্তর্জাতিক কেরিয়ারের খতিয়ান দিতে গিয়ে পর্তুগিজ ফুটবল ইতিহাসকেই কার্যত কটাক্ষ করেছেন তিনি। দেশের হয়ে তাঁর জেতা তিনটি ট্রফির প্রসঙ্গ টেনে এনে রোনাল্ডো বলেন, 'আমি পর্তুগালের হয়ে তিনটে ট্রফি জিতেছি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগে পর্তুগাল একটাও ট্রফি জেতেনি। জাতীয় দলের জেতা সবচেয়ে বড় ট্রফি হল ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সত্যি কথা বলতে, এটা আমার কাছে একটা বিশ্বকাপের মতোই তাৎপর্যপূর্ণ!' অর্থাৎ, সোজা বাংলায় বললে, বিশ্বকাপ না জেতার আক্ষেপ ঢাকতে নিজের জেতা ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ এবং ইউরো কাপের ওজনেই বিশ্বজয়ের স্বপ্নকে মাপার চেষ্টা সিআরসেভেনের।
কোচের ইস্তফা ও রোনাল্ডোর সান্ত্বনাবাক্য
স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ব্যর্থতার দায় মাথায় নিয়ে ম্যাচ শেষেই পদত্যাগ করেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। তবে বিদায়ী কোচের প্রশংসায় পঞ্চমুখ রোনাল্ডো। তাঁর কথায়, 'আমি ওঁর সঙ্গে কাজ করতে খুব পছন্দ করতাম। একজন দারুণ ম্যানেজার এবং খুব ভাল মানুষ। পর্তুগালের জন্য উনি যা করেছেন, তার প্রশংসা করতেই হবে। আমি ওঁকে ধন্যবাদ জানাই এবং ওঁর মঙ্গল কামনা করি!' নিজেদের হারের প্রসঙ্গে সান্ত্বনা দিয়ে পর্তুগিজ তারকার বক্তব্য, 'বড় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা সব সময়ই দুঃখের। এটা বিশ্বকাপ। দল নিজের ছন্দে ফিরছিল। আমার মতে আমরা ভালই খেলেছি। ম্যাচের ফল যে কোনও দিকেই যেতে পারত, কিন্তু এটাই ফুটবল। আমাদের উঠে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে!'

