দ্য ওয়াল ব্যুরো: সামনে মরক্কোর বিরুদ্ধে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল। এই মেগা ম্যাচে ফিফার রেফারি প্যানেল সম্পূর্ণভাবে আর্জেন্তিনীয়। তা নিয়ে গোটা ফুটবলবিশ্বে তুমুল তোলপাড়। ফিক্সিং-তত্ত্বের পাল্লা রীতিমতো ভারী (FIFA World Cup 2026)। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁ বিন্দুমাত্র বিচলিত নন।
তাঁর স্পষ্ট কথা, প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন। ফরাসি শিবিরের সম্পূর্ণ আস্থা রয়েছে ম্যাচ পরিচালকদের উপর।
এমনিতেও কিলিয়ান এমবাপের নেতৃত্বে ফ্রান্স এই টুর্নামেন্টে দুরন্ত ছন্দে। এখনও পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল তাদের পকেটে। উসমান ডেম্বেলে, মাইকেল ওলিসে এবং ব্র্যাডলি বারকোলাদের নিয়ে গড়া আক্রমণভাগ রীতিমতো বিধ্বংসী।
অন্যদিকে গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোও কম যায় না (France vs Morocco)। রাউন্ড অফ ৩২-এর লড়াইয়ে নেদারল্যান্ডসকে বিদায় করেছে তারা। ফলে আশরফ হাকিমিদের বিরুদ্ধে লড়াই মোটেও সহজ হবে না।
আস্থা এবং অতীতের তিক্ততা
রেফারি বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি দেশঁ। তাঁর সাফ জবাব, 'আমাদের এটা সামলাতেই হবে। রেফারিদের উপর পূর্ণ আস্থা আছে। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়!'
২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার কাছে হারের পর থেকে একটা চাপা উত্তেজনা। এমবাপের হ্যাটট্রিক সত্ত্বেও ফাইনালে হারতে হয়েছিল ফ্রান্সকে (Didier Deschamps)। সেই প্রসঙ্গ টেনেছেন দলের রিজার্ভ গোলরক্ষক রবিন রিসার। তাঁর কথায়, 'গত ফাইনালের পর থেকে দু'দলের মধ্যে কয়েক বছর ধরেই একটা তিক্ততা রয়েছে। তবে এটা খেলার অঙ্গ!' রেফারিদের যোগ্যতা নিয়েও তাঁর কোনও সংশয় নেই। রিসারের মন্তব্য, 'এই রেফারিরা যদি এখানে থাকেন, তার মানে তাঁরা প্রতিযোগিতার এই স্তরের যোগ্য।'
মিশর ম্যাচের বিতর্ক ও ফিক্সিং-তত্ত্ব
চলতি বিশ্বকাপে বারবার প্রশ্ন উঠেছে রেফারিংয়ের মান নিয়ে। বিশেষ করে আর্জেন্তিনা বনাম মিশর ম্যাচ ঘিরে বিতর্ক এখনও টাটকা। ০-২ গোলে পিছিয়ে পড়েও ১৩ মিনিটের ঝড়ে ম্যাচ জিতে নেয় লিওনেল মেসির দল (Argentina vs Egypt)। সেই লড়াইয়ে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়রের বিরুদ্ধে চূড়ান্ত পক্ষপাতিত্বের অভিযোগ আনে মিশর। মোস্তফা জিকোর বাতিল গোল এবং পেনাল্টি না পাওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কোচ হোসাম হাসান। তাঁর দাবি, এই টুর্নামেন্ট আগে থেকেই 'ফিক্সড'। ফিফার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির আঙুল তোলে মিশরীয় ফুটবল ফেডারেশন। বিতর্কিত রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়িয়ে দেওয়ার আর্জিও ওঠে (Football Match Controversy)। গোটা ঘটনার জল ইতিমধ্যে বহুদূর গড়িয়েছে।
দেশঁ-র শানিত জবাব, প্রচ্ছন্ন খোঁচা
ঠিক এমন প্রেক্ষাপটে নিজেদের ম্যাচে আর্জেন্তিনীয় রেফারিদের প্রসঙ্গটি অত্যন্ত সুকৌশলে সামলেছেন ফরাসি কোচ। সমালোচকদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। লেতেক্সিয়রের বিরুদ্ধে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগকে পরোক্ষে কটাক্ষ করেছেন তিনি (World Cup Referee Controversy)। সাংবাদিক সম্মেলনে দেশঁ-র শানিত মন্তব্য, 'আশা করি আমাদের রেফারিরা মসিয়েঁ লেতেক্সিয়রের মতোই দক্ষ হবেন।'
অর্থাৎ, আর্জেন্তিনা-মিশর ম্যাচে ফরাসি রেফারি লেতেক্সিয়রের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, ঠিক সেই অস্ত্রেই বিপক্ষকে ঘায়েল করলেন দেশঁ। এক ঢিলে দুই পাখি! একদিকে নিজেদের রেফারি নিয়ে চাপমুক্ত থাকার বার্তা। অন্যদিকে আর্জেন্তিনার বিতর্কিত জয় নিয়ে প্রচ্ছন্ন খোঁচা (Football News Bengali)। সব মিলিয়ে, সেমিফাইনালের টিকিট কাটার আগে মাঠের বাইরের এই মনস্তাত্ত্বিক লড়াইয়েরও পারদ চড়ছে।

