দ্য ওয়াল ব্যুরো: মিশরের বিরুদ্ধে আর্জেন্তিনার বিতর্কিত জয়ের রেশ কাটতে না কাটতেই নয়া ঝামেলায় জড়াল ফিফা। আগামী ১০ জুলাই ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনালের জন্য সম্পূর্ণ রেফারি প্যানেল ঘোষণা করেছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা (France vs Morocco)। সেখানে দেখা যাচ্ছে, সকলেই আর্জেন্তিনীয়।
চলতি বিশ্বকাপে এই প্রথম কোনও ম্যাচে একক দেশের রেফারিরা দায়িত্ব সামলাবেন! প্রধান রেফারির ভূমিকায় ফাকুন্দো তেল্লো। তিনি ২০২২ কাতার বিশ্বকাপেও মরক্কো বনাম পর্তুগাল ম্যাচ পরিচালনা করেছিলেন।
ফাইনালে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্সের ম্যাচে আর্জেন্তিনীয় রেফারি নিয়োগ করায় গভীর ষড়যন্ত্রের তত্ত্ব চাগাড় দিয়ে উঠেছে। বিশেষত এমন পরিস্থিতিতে, যখন মিশরকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্তিনা শেষ আটে ওঠার পরে টুর্নামেন্ট 'ফিক্সড' বলে সোশ্যাল মিডিয়া তোলপাড়!
মিশরের ক্ষোভ ও জিকোর বিস্ফোরক বয়ান
শেষ ষোলোর ম্যাচে ০-২ গোলে এগিয়ে থেকেও মাত্র ১৩ মিনিটে তিন গোল হজম করে লড়াই হাতছাড়া মিশরের। রেফারি ও ভিএআর-এর বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দেন মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা জিকো (Argentina vs Egypt)। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তাঁর বিস্ফোরক দাবি, 'অন্যায়, রেফারি একদম অন্যায় করেছেন। এটা স্পষ্ট এবং প্রকাশ্য অবিচার। একটা গোটা দেশের পরিশ্রম ও স্বপ্নকে নষ্ট করা হল। ম্যাচের শুরু থেকেই রেফারি আমাদের বিরুদ্ধে। আমরা আর্জেন্তিনার বিরুদ্ধে ২-০ গোলে জিতব, এটা হয়তো ওরা মেনে নিতে পারেনি। এই টুর্নামেন্টটি আগে থেকেই সাজানো। আমাদের জন্য ঈশ্বরই যথেষ্ট, তিনিই সবকিছুর বিচার করবেন।'
জিকোর এই মন্তব্য বিশ্বচ্যাম্পিয়নদের জয়কে বড়সড় কাঠগড়ায় দাঁড় করালেও ফিফা অবশ্য এই বিতর্ককে পাত্তা দিতে নারাজ!
বোস্টনে মরক্কোর প্রস্তুতি ও ঐতিহাসিক কীর্তি
মাঠের বাইরের এই তুমুল তরজার মধ্যে বোস্টনে ফরাসি বধের ব্লু-প্রিন্ট তৈরিতে ব্যস্ত মরক্কো দল। কোয়ার্টার ফাইনালের ব্লকবাস্টার ম্যাচের আগে কড়া অনুশীলনের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে মরক্কো ফুটবল ফেডারেশন (Morocco Football Team)। শেষ ষোলোর অত্যন্ত শারীরিক লড়াইয়ে সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এই পর্যায়ে পৌঁছেছে তারা। সেই ম্যাচে ৩৮টি ফাউল হয়েছিল। সাকুল্যে ৮টি হলুদ কার্ড দেখান রেফারি।
আপাতত প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের দু'টি সংস্করণে কোয়ার্টার ফাইনালে ওঠার অনন্য ইতিহাস গড়েছে অ্যাটলাস লায়ন্সরা। শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে মরক্কো শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে।
ওনাহি-হাকিমিদের রেকর্ড ও ফরাসি চ্যালেঞ্জ
কানাডা ম্যাচের দ্বিতীয় অর্ধে একচ্ছত্র আধিপত্য দেখায় মরক্কো। দলের হয়ে অনবদ্য জোড়া গোল আজাদ্দিন ওনাহির (Canada vs Morocco)। ১৯৯৮ সালের পর প্রথম মরক্কোন হিসেবে বিশ্বকাপে জোড়া গোলের নজির গড়েন এই তারকা। ম্যাচের শেষলগ্নে দলের তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি। পাশাপাশি রেকর্ড বুকেও নাম তুলেছেন আশরফ হাকিমি ও ব্রাহিম দিয়াজও। ১৯৬৬ সালের পর ডিফেন্ডার হিসেবে বিশ্বকাপে তিনটি অ্যাসিস্টের রেকর্ড হাকিমির। অন্যদিকে, ৪টি অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টকারী আফ্রিকান ফুটবলার এখন ব্রাহিম দিয়াজ।
সব মিলিয়ে রেকর্ডে মোড়া মরক্কো বাহিনী এখন ফরাসি আর্মাডাকে রুখে দিতে মরিয়া। আপাতত মাঠের ফুটবলের পাশাপাশি ফাকুন্দো তেল্লোর রেফারিংয়ের উপরও ফুটবলবিশ্বের কড়া নজর থাকবে (FIFA World Cup 2026)।

