Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
World Cup 2026: ট্রাম্পের এক ফোনেই ভ্যানিশ আমেরিকান স্ট্রাইকারের লাল কার্ড! ক্ষোভে ফুঁসছে বেলজিয়াম

World Cup 2026: ট্রাম্পের এক ফোনেই ভ্যানিশ আমেরিকান স্ট্রাইকারের লাল কার্ড! ক্ষোভে ফুঁসছে বেলজিয়াম

THE WALL 4 months ago

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে রাষ্ট্রনায়কের ক্ষমতা! যেখানে ফিফার নিয়মকানুন, লাল কার্ডের সাজা, রেফারি ক্ষমতা- সবই একটিমাত্র ফোনকলে তুচ্ছ হয়ে যায় (USA vs Belgium)। খবরে প্রকাশ, মার্কিন দলের সর্বোচ্চ গোলদাতা ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি জাদুমন্ত্রের মতো উবে গিয়েছে, আর তার নেপথ্যে খোদ ডোনাল্ড ট্রাম্প!

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের লাল কার্ড পর্যালোচনার অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট। আর কী আশ্চর্য, এরপরই শেষ ষোলোয় বেলজিয়ামের বিরুদ্ধে মঙ্গলবারের মেগা ম্যাচে নামার আগে মার্কিন স্ট্রাইকারের শাস্তি বাতিল করে দেয় বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা! সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত ট্রাম্প বিবৃতি দিয়ে ফিফাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, 'সঠিক কাজ করার জন্য এবং এক চরম অবিচারকে ঘুরিয়ে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!'।

'শর্তসাপেক্ষ' ক্ষমা ও কার্ড-বৃত্তান্ত

বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচ জেতে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই খেলায় বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে বুট দিয়ে কড়া ট্যাকল করার দায়ে ভিএআর (VAR) পরীক্ষার পর লাল কার্ড দেখেন বালোগান। কিন্তু ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি রবিবার এক বিবৃতিতে জানায়, এই শাস্তি এক বছরের 'প্রবেশনারি' বা পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করা হচ্ছে। ফিফার ২৭ নম্বর ধারা অনুযায়ী, আগামী বারো মাসের মধ্যে বালোগান যদি একই ধরনের কোনও অপরাধ করেন, তবেই তাঁর শাস্তি বিনা বাক্যব্যয়ে বহাল হবে।

এদিন অনুশীলনে যাওয়ার পথে বাসে বসে এই 'সুখবর' পায় মার্কিন দল (World Cup 2026)। ডিফেন্ডার ক্রিস রিচার্ডসের কথায়, এই সিদ্ধান্ত শুনে বালোগানের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া—'লিট' (অসাধারণ)। মার্কিন ফুটবল সংস্থাও জানায়, যে তারা এই সিদ্ধান্ত 'মেনে নিচ্ছে'।

নোবেল জোটেনি, তবে ফিফার 'শান্তি পুরস্কার' তো আছে!

ট্রাম্প ও ফিফা সভাপতি ইনফান্তিনোর এই 'মধুর' সম্পর্ক অবশ্য আজকের নয়। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ মেটাতে ইনফান্তিনো আগেই ট্রাম্পকে ফিফার উদ্বোধনী 'শান্তি পুরস্কারে' ভূষিত করেছিলেন। ইউরোপিয়ান ইউনিয়নের এথিকস ওয়াচডগ এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা এহেন সম্মান এবং দুজনের মাখামাখি সম্পর্ক নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে জবাবদিহিও চান। তবে তাতে কী আর যায় আসে! যে ট্রাম্প একসময় লাল কার্ডের সিদ্ধান্তকে 'চরম অবিচার' বলেছিলেন, ইনফান্তিনোর সঙ্গে তাঁর ফোনালাপের পরই রাতারাতি সেই শাস্তির মেয়াদ ফুরিয়ে গেল। ফোর্বস-এর তরফ থেকে এ বিষয়ে ফিফার কাছে জবাব চাওয়া হলেও, তারা টুঁ শব্দটি করেনি।

'বিশ্বকাপে এপ্রিল ফুল!' ফুঁসছে বেলজিয়াম

ফিফার এমন নজিরবিহীন সিদ্ধান্তে রীতিমতো হতবাক এবং ক্ষুব্ধ প্রতিপক্ষ বেলজিয়াম (FIFA World Cup 2026)। কোচ রুডি গার্সিয়া তীব্র শ্লেষের সুরে বলেন, 'আমি তো জানতামই না যে ফিফা বিশ্বকাপে ৫ জুলাই তারিখটা এখন ১ এপ্রিল হয়ে গেছে, আর দিনটা এপ্রিল ফুলস ডে!' রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (RBFA) এক বিবৃতিতে জানিয়েছে, যে তারা এই সিদ্ধান্তে "হতবাক" এবং সম্ভাব্য সমস্ত বিকল্প খতিয়ে দেখছে। গার্সিয়া আরও বলেন, 'আমরা শুধু জাতীয় দল বা ফেডারেশনকে রক্ষা করছি না, আমরা ফুটবলের নৈতিকতা এবং অখণ্ডতা রক্ষা করছি!'

বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া অবশ্য বিতর্কে না ঢুকে জানিয়েছেন, এই সিদ্ধান্তে প্রস্তুতিতে কোনও প্রভাব পড়বে না, মাঠে নেমে জেতাই তাঁদের একমাত্র লক্ষ্য। বিরক্ত গার্সিয়াও শেষে সাংবাদিকদের থামিয়ে দিয়ে বলেন, 'দয়া করে এসব কথা বলে সময় নষ্ট করবেন না, আমরা খেলার বিষয়েই মন দিতে চাই!'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: The Wall