দ্য ওয়াল ব্যুরো: ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের শেষকৃত্য চলাকালে মার্কিন বাহিনী হামলা চালাবে না বলে দুদিন আগে ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮০ ডিগ্রি ঘুরে সেই তিনি জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে আমেরিকার কোনও যুদ্ধ বিরতি চুক্তি নেই। মার্কিন হামলা অব্যাহত থাকবে।
এইসঙ্গে ইরানকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাদের যত দ্রুত ছেঁটে ফেলা যায় ততই মঙ্গল। অবশ্য শোকের মধ্যেও ইরান যেভাবে পাল্টা আমেরিকার মিত্রদের উপর হামলা চালিয়ে ট্রাম্পকে জবাব দিয়েছে, স্থানীয় বিশ্বব্যাপী জোর আলোচনা চলছে।
খামেনেইয়ের শেষকৃত্যানুষ্ঠানের মধ্যেই আমেরিকার হামলার জবাব দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের আমেরিকার মিত্র দেশগুলির আশিটি স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। ভারতীয় সময় বুধবার ভোররাত থেকে মার্কিন বাহিনী ইরানে নতুন করে হামলা শুরু করেছে।
সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় রয়েছেন। সেখানে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বিরতির আলোচনা ছিল সময়ের অপচয়।
ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কি 'শেষ' হয়ে গেছে এবং ১৪-দফা সমঝোতা স্মারকটি 'বাতিল' করা হয়েছে কিনা। জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন, যুদ্ধ বিরতি চুক্তির আর কোনও অস্তিত্ব নেই।
সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমার মতে, বিষয়টি শেষ। আমি ইরানিদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। তারা জঘন্য ও অসুস্থ মানসিকতার লোক। অসুস্থ মানসিকতার লোকেরাই তাদের নেতৃত্ব দিচ্ছে এবং তারা অত্যন্ত নিষ্ঠুর ও সহিংস।'
ইরানের ওপর নতুন করে হামলার সাফাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, 'গত রাতে আমরা ইরানের অত্যন্ত বিপজ্জনক লোকগুলোর ওপর জোরদার হামলা চালিয়েছি। তাদের মধ্যে কোনও একটা সমস্যা আছে। খামেনেইয়ের অন্তেষ্টি নিয়ে ট্রাম্প বলেন, 'আমরা বলেছিলাম, যাও, তোমাদের শেষকৃত্যের কাজগুলো করো। কিন্তু তা না করে গতকাল তারা জাহাজের ওপর রকেট হামলা শুরু করল। তাই গত রাতে আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি।'

