Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Sourav Ganguly Biopic: কলকাতায় পুরোদমে শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক-র শুটিং, মহারাজের লুকে ভাইরাল রাজকুমার রাও

Sourav Ganguly Biopic: কলকাতায় পুরোদমে শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক-র শুটিং, মহারাজের লুকে ভাইরাল রাজকুমার রাও

বাঙালির শ্রেষ্ঠ আবেগ এবার রূপোলি পর্দায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতায় শুরু হয়ে গেল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly Biopic) বহুল চর্চিত বায়োপিকের শুটিং। আর শুটিংয়ের শুরুতেই খাস কলকাতায় দেখা গেল 'মহারাজকীয়' ব্যস্ততা। লাভরঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকটির নাম রাখা হয়েছে 'দাদা'।

বুধবার ময়দানের লেসলি ক্লডিয়াস সরণিতে ছিল চোখে পড়ার মতো ভিড়। ইস্টবেঙ্গল ক্লাব সংলগ্ন এরিয়ান ক্লাবে কোনো ম্যাচ না থাকলেও, সকাল থেকেই সেখানে ছিল উৎসবের মেজাজ। কারণ আর কিছুই নয়, ক্রিকেটের নন্দনকাননের রাজপুত্রের চরিত্রে অভিনয় করতে কলকাতায় পা রেখেছেন বলিউড তারকা রাজকুমার রাও (Rajkummar Rao)।

কড়া নজরদারি এড়াতে পারল না প্রোডাকশন টিম

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা নতুন কিছু নয়। তাই পর্দার 'দাদা' রাজকুমারকে কেমন দেখতে লাগছে, তা জানার কৌতূহল ছিল তুঙ্গে। নির্মাতারাও বিষয়টি বুঝতে পেরে নিরাপত্তার নিশ্ছিদ্র প্রাচীর গড়ে তুলেছিলেন। প্রতিটি শট শেষ হতেই রাজকুমার রাওকে বড় ছাতার আড়ালে লুকিয়ে ভ্যানিটি ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সোশাল মিডিয়ার যুগে সেই গোপনীয়তা শেষ পর্যন্ত বজায় থাকল না। এরিয়ান মাঠে শুটিং চলাকালীনই এক ঝলক ক্যামেরাবন্দি হন রাজকুমার। আর সেই ছবি নেটদুনিয়ায় আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 'নিউটন' খ্যাত অভিনেতাকে ক্রিকেটারের পোশাকে একেবারে নিখুঁত 'মহারাজ' লুকে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

দুখিরাম থেকে বেহালার বাড়ি

বায়োপিকের জন্য লোকেশন নির্বাচনও করা হয়েছে অত্যন্ত ভেবেচিন্তে। এরিয়ান গ্যালারির নিচেই রয়েছে ঐতিহাসিক 'দুখিরাম ক্রিকেট কোচিং সেন্টার', যেখানে ছোটবেলায় সৌরভ তাঁর ক্রিকেট জীবনের প্রথম পাঠ নিয়েছিলেন। ফলে এই মাঠে শুটিং করার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা গেছে, দিন তিনেক আগে বেহালার বীরেন রায় রোডে সৌরভের আদি বাড়িতেই শুরু হয়েছিল এই জীবনীচিত্রের শুটিং। এরিয়ানের পর আগামী কয়েকদিন ইডেন গার্ডেন্স-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ক্যামেরা চলবে।

চাঁদের হাট ছবির কাস্টিংয়ে

শুধু রাজকুমার রাও নন, এই ছবিতে দেখা যাবে টলিউড ও বলিউডের একঝাঁক চেনা মুখকে। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। মায়ের ভূমিকায় শুটিং করছেন অপরাজিতা আঢ্য এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে পর্দা কাঁপাতে প্রস্তুত তানিয়া মানিকতল্লা। রুপোলি পর্দায় অফ-সাইডের ভগবানের জীবনের অজানা গল্প দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপামর ক্রীড়াপ্রেমী ও সিনেমা অনুরাগীরা।

Read more news like this on bengali.timesnownews.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now khabar