Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TMC Councillor Arrested: তোলাবাজির পর এবার শ্লীলতাহানি! পুলিশি তৎপরতায় শ্রীঘরে অরূপ 'ঘনিষ্ঠ' কলকাতার হেভিওয়েট তৃণমূল কাউন্সিলর

TMC Councillor Arrested: তোলাবাজির পর এবার শ্লীলতাহানি! পুলিশি তৎপরতায় শ্রীঘরে অরূপ 'ঘনিষ্ঠ' কলকাতার হেভিওয়েট তৃণমূল কাউন্সিলর

দুর্নীতি, তোলাবাজি ও প্রতারণার পর এবার গুরুতর শ্লীলতাহানির অভিযোগ। ফের পুলিশের জালে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) আরও এক কাউন্সিলর। জানা গিয়েছে, এবার গ্রেফতার করা হল ১১৪ নম্বর ওয়ার্ডের হেভিওয়েট তৃণমূল (TMC Councilor) কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল। রিজেন্ট পার্ক থানার পুলিশ আজ, বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে।

এই নিয়ে গত কয়েকদিনে কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর (TMC Councillor Arrested) শ্রীঘরে গেলেন।

মহিলার শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা রিজেন্ট পার্ক থানায় বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে শ্লীলতাহানি ও আটকে রেখে হুমকি দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার দাবি, চলতি মাসের ৯ তারিখ তাঁকে আটকে রেখে শ্লীলতাহানি করেন ওই কাউন্সিলর। শুধু তাই নয়, ঘটনাটি নিয়ে মুখ খুললে তাঁকে চরম হুমকিও দেওয়া হয়। মহিলার অভিযোগ, এই নির্যাতন প্রথমবার নয়, এর আগে ২০২৪ সালেও একইভাবে তাঁর শ্লীলতাহানি করেছিলেন বিশ্বজিৎ বাবু। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে বৃহস্পতিবার ১১৪ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের এই কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। এলাকা সূত্রে খবর, ধৃত বিশ্বজিৎ মণ্ডল টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের অত্যন্ত 'ঘনিষ্ঠ' হিসেবে পরিচিত।

২৪ ঘণ্টার ব্যবধানে জোড়া ধাক্কা তৃণমূলে

উল্লেখ্য, বিশ্বজিৎ মণ্ডলের গ্রেপ্তারি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক এক দিন আগেই অর্থাৎ বুধবার রাতে বড়বাজার থানার পুলিশ গ্রেফতার করে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে। তাঁর বিরুদ্ধে গত বছর প্রতারণা ও জোর করে টাকা আদায়ের অভিযোগ দায়ের হয়েছিল। রাজ্যে প্রশাসনিক স্তরে পালাবদলের পর সেই পুরনো মামলার তদন্ত গতি পায় এবং বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের জালে একের পর এক পুরপিতা

কলকাতায় গত কয়েকদিনে একের পর এক কাউন্সিলরের গ্রেফতারি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গত ২৩ মে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরপর একে একে পুলিশের জালে ধরা পড়েন ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিং ও ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস। আর এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বজিৎ মণ্ডলের নাম। পরপর তৃণমূল কাউন্সিলরদের এই গ্রেপ্তারি ঘিরে স্বাভাবিকভাবেই কলকাতার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Read more news like this on bengali.timesnownews.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now khabar