কুস্তিগীর ভিনেশ ফোগাটের জন্য বড় জয়! এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার জন্য তাকে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) করা আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে তারা হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপ করবে না।
ফলে ৩০ মে থেকে দিল্লিতে শুরু হতে চলা এশিয়ান গেমস ট্রায়ালে ভিনেশের অংশগ্রহণের পথ প্রশস্ত হলো।
আদালতের এই সিদ্ধান্তে স্বস্তিতে ফোগাট। বেঞ্চের পর্যবেক্ষণ, হাইকোর্টের রায়ের পর খেলোয়াড়ের প্রত্যাশা তৈরি হয়েছে, এই মুহূর্তে তাকে ট্রায়ালে বাধা দেওয়া অনুচিত। তবে একই সঙ্গে ভিনেশের ডোপিং পরীক্ষা সংক্রান্ত গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি নরসিমা উল্লেখ করেন, আন্তর্জাতিক টেস্টিং এজেন্সির (ITA) নিয়ম অনুযায়ী, টেস্ট মিস করা একটি গুরুতর বিষয়। ভিনেশকে ডোপ টেস্টের তথ্য না দেওয়া এবং প্রথম টেস্টে অনুপস্থিত থাকা নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছে।
যদিও ডোপিং সংক্রান্ত এই বিতর্ক সত্ত্বেও ট্রায়ালে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা পরবর্তী সময়ে বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ করবে। আপাতত কুস্তিগীরকে ট্রায়ালে অংশ নেওয়ার পূর্ণ অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় কুস্তি মহলে এই রায় ঘিরে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, আপাতত অ্যাথলিটের মাঠের লড়াইয়ে নামার সব বাধা কাটল।

