সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন থেকে কাজের আপডেট-সবকিছুই শেয়ার করেন অভিনেতা জীতু কমল। নিজের অভিনয়ের পাশাপাশি নেটপাড়ার লোকজনের সঙ্গে নিয়মিত সংযোগও রাখেন তিনি। কিন্তু সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করতেই বাধার মুখে পড়লেন অভিনেতা। তাঁর পরনের শার্ট-প্যান্ট নিয়ে এক নেটিজেনের করা কটু মন্তব্য মুহূর্তের মধ্যে চর্চার কেন্দ্রে উঠে এল।
তবে এই ধরনের আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়ে চুপ থাকেননি জীতু, বরং তাঁর দেওয়া মোক্ষম উত্তর এখন নেটপাড়ায় আলোচনার শিরোনামে।
ঘটনাটি ঠিক কী? জীতুর একটি ছবি দেখে এক নেটিজেন মন্তব্য করেন, "একই শার্ট-প্যান্ট পরতে-পরতে রং চটে গিয়ে হয়েছে! একটু নিজের মধ্যে নতুন পোশাক কেনার আগ্রহ আনো। কোনও রুচি নেই তোমার। অন্যরা কত স্টাইলিশ, তোমার বয়সী অভিনেতারা। আর পুরো ইন্ডাস্ট্রি তে তোমার কোনও শখ নেই নতুন পোশাকের প্রতি, পেশাদার ফোটোশুটের প্রতি।" আপাতদৃষ্টিতে কোনো গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়ার মতো বিষয় হলেও, জীতু বেছে নেন পাল্টা জবাব দেওয়ার পথ।
নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে জীতু লেখেন, "আমি আপনাকে ম্যাম বলব না স্যার, সেটা জানি না। রুচি কাপড়ে থাকে না, রুচি থাকে মনে। জানেন, আমার মা এক শাড়িতে বহু বছর কাটিয়ে দিয়েছিল, সেই পরিবারেই আমার বড় হওয়া।" অভিনেতা এখানেই থামেননি। তিনি আরও যোগ করেন, "অভিনয়ের জন্য রুচি পরিবর্তন যখন দরকার হয়, তখন করি। অভিনেতা মানেই তো প্রত্যেকদিন নতুন পোশাক পরে নতুনভাবে জেল্লা দিয়ে বেরোতে হবে, তার তো কোনও মানে নেই বলুন। যা আমার সাধ্যের মধ্যে, সেটাই আমি পরি। বস্ত্র পরি লজ্জা নিবারণের জন্য। খাওয়াদাওয়া করি ক্ষুধা নিবারণের জন্য।"
অভিনেতার এই মন্তব্যের পর নেটপাড়ায় শুরু হয়েছে শোরগোল। অনেকেই জীতুর এই মাটির কাছাকাছি মানসিকতার প্রশংসা করেছেন। জীতু শেষে আত্মবিশ্বাসের সঙ্গে লেখেন, "যা পাচ্ছি তার জন্য ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ। আর প্রত্যেকদিন যদি আমি পোশাক পরিবর্তন করি, তা হলে তো আপনি আমার দিক থেকে চোখ ফেরাতে পারবেন না। কারণ, আই অ্যাম দ্য বেস্ট (I am the best)!" অভিনেতার এই কড়া ও আত্মবিশ্বাসী জবাব তাঁর অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে।
শিল্পীর জীবনধারায় পোশাকের চেয়ে তাঁর কাজের মূল্যায়ন বেশি হওয়া উচিত-এমন বার্তাই যেন আরও একবার স্পষ্টভাবে দিলেন জীতু কমল। নেটিজেনের অহেতুক ব্যক্তিগত আক্রমণকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি যেভাবে নিজের আদর্শে অটল রইলেন, তাতে অনেকের মতেই নায়কসুলভ ব্যক্তিত্বের পরিচয় মিলেছে।

