বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখন উত্তাল রাজ্য রাজনীতি। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রাক্তন এই বায়ুসেনা কর্মীকে খুন করা হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
এই ঘটনায় একদিকে যখন শুভেন্দু অধিকারী সরাসরি শাসকদলের দিকে আঙুল তুলেছেন, ঠিক তখনই এক নজিরবিহীন পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি খোদ সিবিআই (CBI) তদন্তের দাবি তোলা হয়েছে।
তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট করে জানিয়েছে, "আমরা মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই।" তবে এই নিন্দার সঙ্গেই তারা পাল্টা অভিযোগ এনেছে বিজেপির বিরুদ্ধে। তাদের দাবি, গত তিন দিনে নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির দুষ্কৃতীদের হাতে তাদেরও তিনজন কর্মী প্রাণ হারিয়েছেন। এই সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি তুলেছে ঘাসফুল শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তদন্তের আগেই কেন্দ্রীয় এজেন্সির দাবি জানিয়ে তৃণমূল আসলে প্রমাণের চেষ্টা করছে যে এই খুনের সঙ্গে তাদের কোনো যোগ নেই।
অন্যদিকে, বুধবার রাতেই হাসপাতালের বাইরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, চন্দ্রনাথকে স্রেফ রাগের মাথায় খুন করা হয়নি, বরং কয়েক দিন ধরে রীতিমতো 'রেইকি' করে ঠান্ডা মাথায় অপারেশন চালানো হয়েছে। শুভেন্দুর কথায়, "এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। ঘাতকরা জানত চন্দ্রনাথ কখন কোন রুট দিয়ে ফিরবে।" তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলছে এবং বুধবারই খড়দহ, বরাহনগর ও বসিরহাটে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, খুনিরা একটি নির্দিষ্ট রুট ব্যবহার করে রাজারহাটের দিকে পালিয়েছে। ঘাতকদের শনাক্ত করতে ফরেনসিক দলও ময়দানে নেমেছে। তবে যে খুনে অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে, সেই খুনেই খোদ অভিযুক্ত দলের সিবিআই তদন্তের দাবি রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার, আদালতের হস্তক্ষেপে এই হাই-প্রোফাইল খুনের রহস্য কত দ্রুত উন্মোচিত হয়।

