স্তব্ধ টলিউড। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু কার্যত ঘুম ভাঙিয়ে দিয়েছে গোটা স্টুডিওপাড়ার। মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে কর্মবিরতি। টেকনিশিয়ান্স স্টুডিওতে জড়ো হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র, সৌমিতৃষা কুণ্ডু থেকে শুরু করে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত।
সকলের মুখেই এক কথা-রাহুলের মৃত্যু এক চরম সতর্কবার্তা।
এদিন স্টুডিওতে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। শিল্পীদের দাবি স্পষ্ট, শ্যুটিং সেটে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাই। এই আন্দোলনে সশরীরে থাকতে না পারলেও সমর্থন জানিয়েছেন মানসী সিনহা ও সুদীপা চট্টোপাধ্যায়। মানসী খোলাখুলি স্বীকার করেছেন, "ব্যক্তিগত অবহেলার শিকার আমিও হয়েছি, অনেক আগেই প্রতিবাদ করা উচিত ছিল।"
তবে এই পরিস্থিতির মাঝে বিস্ফোরক প্রযোজক রানা সরকার। তিনি সরাসরি আঙুল তুলেছেন চ্যানেল কর্তৃপক্ষের দিকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, শ্যুটিং সেটে সুরক্ষার নিয়ম (SOP) প্রযোজকরা মানলেও চ্যানেল কি মানবে? শেষ মুহূর্তে স্ক্রিপ্ট দেওয়া বা তাড়াহুড়ো করে শ্যুটিং শেষ করার চাপের কারণেই বিপদ বাড়ছে বলে তাঁর দাবি। ফেডারেশন, প্রযোজক ও শিল্পীদের এই নজিরবিহীন জোট কি পারবে টলিপাড়ার খোলনলচে বদলে দিতে? উত্তরের অপেক্ষায় বিনোদন জগত।

