Truth Of Bengal: অমরনাথ যাত্রা ২০২৬-এর রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করল শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। দেশজুড়ে মোট ৫৫৪টি নির্ধারিত ব্যাঙ্ক শাখার মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে তীর্থযাত্রীদের জন্য ভ্রমণ অনুমতিপত্র (পারমিট) ইস্যু করা হবে। শ্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে, পহেলগাঁও ও বালতাল-দুই পথের জন্যই রেজিস্ট্রেশন খোলা থাকবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে 'আগে এলে আগে পাবেন' ভিত্তিতে। ফলে শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে ভক্তদের।
এদিকে, তীর্থযাত্রার আনুষ্ঠানিক তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে। শ্রাইন বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, ১৩ বছরের কম এবং ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের এই তীর্থযাত্রায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি যাত্রীদের আধার কার্ড ও স্বাস্থ্য শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছর আধার-ভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে এনআইসি পোর্টাল-ভিত্তিক সিস্টেমে ভ্রমণ অনুমতিপত্র ইস্যু করা হবে। তবে যাচাইকরণে কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখা ম্যানুয়ালি ছবি ও তথ্য এন্ট্রি করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।
- ইঞ্জিনিয়ারের বেতন বাড়ল মাত্র ৯ টাকা, বহুজাতিক সংস্থার কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া
- নয়ডায় শ্রমিক বিক্ষোভে 'পাকিস্তানি যোগ'! যোগীরাজ্যে রণক্ষেত্র শিল্পাঞ্চল, পুলিশের ওপর ইটবৃষ্টি!
প্রসঙ্গত, প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত জম্মু ও কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহায় অবস্থিত বাবা বরফানির দর্শনে যান। তীর্থযাত্রাকে নির্বিঘ্ন করতে সরকার প্রতিবারের মতো এবারও যাত্রাপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে উন্নত পরিষেবা ও পরিকাঠামো বৃদ্ধির কথাও বলা হয়েছে। বোর্ড সূত্রে আরও জানা গিয়েছে, এবারও প্রতিদিন প্রায় ১৫,০০০ জন তীর্থযাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে। তাই ভিড় এড়াতে ও সময়মতো পারমিট পেতে আগেভাগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আবেদনকারীদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

