Dailyhunt
অভয়ার মায়ের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় শাসক শিবির

অভয়ার মায়ের উপর হামলার অভিযোগ, কাঠগড়ায় শাসক শিবির

Truth Of Bengal 2 weeks ago

Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার পানিহাটি। বুধবার পানিহাটির ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তথা আর জি করের নিহত চিকিৎসকের মা (অভয়ার মা)।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপি প্রার্থীর অভিযোগ, এদিন সকালে যখন তিনি দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছিলেন, তখন একদল তৃণমূল কর্মী-সমর্থক তাঁদের ঘিরে ধরে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে। অভিযোগ, এর পরেই বিজেপি প্রার্থীর সঙ্গে অশালীন আচরণ এবং কর্মীদের মারধরের চেষ্টা করা হয়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। অভয়ার মায়ের কথায়, "ভয় পেয়েই তৃণমূল এই হামলা চালিয়েছে। আমার মেয়েকে মেরেও ওরা ক্ষান্ত হয়নি, এবার আমাকে মারার চেষ্টা করছে যাতে বিচার চাওয়ার কেউ না থাকে। কিন্তু আমি বাংলার মেয়েদের সুরক্ষার জন্য লড়ে যাব, শেষ দেখে ছাড়ব।"

বিজেপি শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০-৩৫ জন মহিলার একটি দল আচমকা প্রার্থীর ওপর চড়াও হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তবে প্রার্থী মানসিকভাবে ভেঙে পড়েননি বলে দাবি তাঁদের। এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও বিজেপি নেতৃত্ব জানিয়েছে।

অন্যদিকে, শাসক শিবির এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের পাল্টা অভিযোগ, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে এলাকায় প্রচার করছিলেন এবং 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর মতো সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে গুজব ছড়াচ্ছিলেন। এর ফলেই স্থানীয় মহিলারা ক্ষিপ্ত হয়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানিয়েছেন। এখানে কোনও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেনি বলে দাবি তাঁর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal