Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বেঙ্গল এসটিএফের জালে আরও এক জঙ্গি, হাওড়া থেকে গ্রেফতার ১

বেঙ্গল এসটিএফের জালে আরও এক জঙ্গি, হাওড়া থেকে গ্রেফতার ১

Truth Of Bengal 5 days ago

Truth of Bengal: রাজ্যে বড়সড় নাশকতার ছক বানচাল করে বেঙ্গল এসটিএফের (STF) জালে ধরা পড়ল আরও এক জঙ্গি। ধৃতের নাম আদিত্য সিং ওরফে রাজ ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এর আগে গ্রেফতার হওয়া মূল অভিযুক্ত জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারকে টানা জেরা করার পরেই আদিত্যর খোঁজ পায় পুলিশ।

এসটিএফ সূত্রের খবর, হামিমকে জঙ্গি কার্যকলাপে সরাসরি সহযোগিতা করত আদিত্য। বিশেষ করে রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই এবং তাঁর ছেলের সম্পর্কিত যাবতীয় সংবেদনশীল তথ্য পাচারের দায়িত্বে ছিল সে।

তদন্তে উঠে এসেছে, একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে ধৃত হামিমের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল আদিত্যর। কম সময়ের মধ্যেই তাঁদের মধ্যে নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেই সুযোগ নিয়ে আদিত্যর মগজধোলাই করে জঙ্গি হামিম। এরপর তাকে একটি বিশেষ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, যেখানে পুর প্রতিমন্ত্রী উমেশ রাই ও তাঁর পরিবারের উপর নজরদারি রাখার দায়িত্ব পায় সে। সমস্ত তথ্য সংগ্রহ করে আদিত্য নিয়মিত পৌঁছে দিত হামিম ও তার বান্ধবী অর্পিতার কাছে। এই ধৃত আদিত্যকে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা, যাতে চক্রের শিকড় কতদূর ছড়িয়েছে তা পরিষ্কার হওয়া যায়।

অন্যদিকে, মূল অভিযুক্ত হামিম মণ্ডল মূলত হাওড়ার পিলখানার বাসিন্দা হলেও বেশ কিছু দিন নিউটাউন হয়ে বর্ধমানের একটি অভিজাত ফ্ল্যাটে ভাড়ায় থাকতে শুরু করে। গত বৃহস্পতিবার বর্ধমানের এক জিম থেকে তাকে এবং পরবর্তীতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তার বান্ধবী অর্পিতাকে গ্রেফতার করা হয়। এসটিএফের দাবি, হামিম ও অর্পিতা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী 'শেহজাদ ভাট্টি'-র সঙ্গে যুক্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী উমেশ রাইয়ের ছেলে তাদের মূল টার্গেটে ছিল। এমনকি মন্ত্রীপুত্রকে হানিট্র্যাপে ফেলে অপহরণের পাশাপাশি আসন্ন স্বাধীনতা দিবসে রাজ্যে বড় ধরনের নাশকতার ছক ছিল বলে তদন্তে জানা গিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal