Truth of Bengal: রাজ্য বিধানসভার ইতিহাসে প্রথমবার সাসপেন্ড করা হল বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে। বিধায়কদের একাধিক অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। অভিযোগ, বিধায়কদের সঙ্গে দায়িত্বশীল ও পেশাদার আচরণ করতে ব্যর্থ হয়েছেন মার্শাল। বিভিন্ন সময়ে তাঁর আচরণ নিয়ে একাধিক বিধায়ক অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি বিধানসভা কর্তৃপক্ষের নজরে আনেন।
বিধানসভা সূত্রের দাবি, সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে নবনির্বাচিত বিধায়কদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মসূচিতেও মার্শালের আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, ওই কর্মসূচিতে তিনি প্রত্যাশিত দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দেননি। সেই ঘটনার পরই বিষয়টি নিয়ে অসন্তোষ আরও বাড়ে।বিধানসভা কর্তৃপক্ষ অভিযোগগুলি খতিয়ে দেখে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের পর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
- মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঋতব্রত এন্ড কোম্পানি
- "বিধানসভায় পরিকল্পিতভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না!" এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিধায়ক কুণাল ঘোষ
বিধানসভার ইতিহাসে এই প্রথম কোনও মার্শালকে সাসপেন্ড করার ঘটনা ঘটায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগগুলির বিষয়ে এখনও পর্যন্ত মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

