Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চালু হতেই বড়সড় সাইবার হামলা CBSE-র পোর্টালে! ২ মিনিটে ১৫ লক্ষ হিট, চরম বিপাকে পড়ুয়ারা

চালু হতেই বড়সড় সাইবার হামলা CBSE-র পোর্টালে! ২ মিনিটে ১৫ লক্ষ হিট, চরম বিপাকে পড়ুয়ারা

Truth Of Bengal 1 month ago

Truth of Bengal: সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির খাতা পুনর্মূল্যায়ন (Re-evaluation) পোর্টালটি ঘিরে বিতর্ক ও নাটকের অন্ত নেই। সোমবার দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর, চারদিন পার করে মঙ্গলবার সকালে যখন নতুন করে পোর্টালটি চালু করা হয়, তখনই সেটির ওপর আছড়ে পড়ে এক ভয়াবহ সাইবার হামলা। বোর্ড সূত্রে খবর, ওয়েবসাইটটি লাইভ হওয়ার মাত্র ২ মিনিটের মধ্যে সেটিতে রেকর্ড ১৫ লক্ষ 'হিট' আসে এবং একই সাথে ১ লক্ষেরও বেশি বার অনুমোদনহীনভাবে সার্ভারে ঢোকার বা 'অ্যাক্সেস' করার চেষ্টা চালানো হয়।

প্রযুক্তি বিশেষজ্ঞরা একে পরিকল্পিত 'ডিনায়েল অফ সার্ভিস' (DoS) হামলা বলে চিহ্নিত করেছেন, যার মূল উদ্দেশ্যই ছিল বোর্ডের এই গুরুত্বপূর্ণ পোর্টালটিকে সম্পূর্ণ অচল করে দেওয়া।

মঙ্গলবারের এই সাইবার হানার জেরে সকাল থেকেই লগইন করতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় দেশজুড়ে আবেদন করতে চাওয়া লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের। ওটিপি (OTP) না আসা, পেমেন্ট ব্যর্থ হওয়া এবং বারবার ওয়েবসাইট ক্র্যাশ করার মতো গুরুতর যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। দুপুর গড়াতে সমস্যা আরও জটিল আকার ধারণ করে। তবে এই বিপুল আক্রমণ সত্ত্বেও সিবিএসই-র মূল ডেটাবেস এবং পোর্টালটি সম্পূর্ণ সুরক্ষিত ও সচল রয়েছে বলে বোর্ডের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ঝামেলার মাঝেই বিকেল ৩টে পর্যন্ত ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী সফলভাবে পুনর্মূল্যায়নের আবেদন জমা দিতে পেরেছেন। বর্তমানে এই পোর্টালটি একই সময়ে ৮ হাজারেরও বেশি ব্যবহারকারীকে একসাথে পরিষেবা দেওয়ার ক্ষমতা রাখছে। পড়ুয়ারা যাতে সেশন আউট না হয়ে নির্বিঘ্নে আবেদনের প্রক্রিয়া শেষ করতে পারেন, তার জন্য সিস্টেমে 'সেশনের সময়সীমা' (Session Timeout) বাড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম (OSM)-এর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিলেন এক সাইবার গবেষক। তাঁর দাবি ছিল, পরীক্ষার মূল্যায়ন-সংক্রান্ত একটি টেস্ট পোর্টালে মারাত্মক নিরাপত্তা খামতি বা বাগ (Bug) রয়েছে। যদিও সিবিএসই তখন স্পষ্ট জানিয়েছিল, সেটি ছিল স্রেফ একটি টেস্টিং প্ল্যাটফর্ম এবং পড়ুয়াদের আসল মূল্যায়ন সিস্টেমের সুরক্ষা কোনওভাবেই বিঘ্নিত হয়নি। তবে একের পর এক প্রযুক্তিগত ত্রুটি ও সাইবার হামলার জেরে এবার এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সিবিএসই-র এই প্রযুক্তিগত সমস্যাগুলির স্থায়ী সমাধানে এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে দেশের প্রথম সারির দুই প্রতিষ্ঠান- আইআইটি মাদ্রাজ (IIT Madras) এবং আইআইটি কানপুর (IIT Kanpur)-এর বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে। একই সাথে সার্ভারের ধারণক্ষমতা বাড়ানো এবং পেমেন্ট গেটওয়ে বা টাকা কাটার প্রক্রিয়াকে আরও সহজ ও ত্রুটিমুক্ত করতে বিভিন্ন প্রথম সারির ব্যাঙ্কগুলির সাথেও জরুরি বৈঠক করেছেন স্বয়ং শিক্ষামন্ত্রী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal