Truth of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা সফর ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। কোচবিহারের পর এবার ঝোড়ো গতিতে প্রচার শুরু করতে চলেছেন তিনি। দলীয় সূত্রে খবর, আগামী ৯ এপ্রিল একই দিনে আসানসোল, হলদিয়া এবং সিউড়িতে তিনটি বড় জনসভা করবেন মোদী। মূলত নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে জনজোয়ার তৈরি করতেই হলদিয়ার এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নির্বাচনী প্রচারের পরবর্তী ধাপে ১১ এপ্রিল থেকে টানা দুদিন বাংলায় কাটাবেন প্রধানমন্ত্রী। ওই দিন তিনি জঙ্গিপুর, কাটোয়া ও বালুরঘাটে পর পর তিনটি সভা সারবেন। প্রচার শেষে ১১ তারিখ রাতেই তাঁর শিলিগুড়ি পৌঁছানোর কথা রয়েছে। পরদিন অর্থাৎ ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি বর্ণাঢ্য রোড শো করার পরিকল্পনা রয়েছে মোদির। বিধানসভা নির্বাচনের লড়াইয়ে গতি আনতে প্রধানমন্ত্রী রাজ্যে অন্তত ১৪টি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সমসংখ্যক সভা করতে পারেন বলে জানা গিয়েছে।
- গ্রেফতারি থেকে খানিক স্বস্তি, পবন খেরার আগাম জামিন মঞ্জুর তেলঙ্গানা হাইকোর্টের
- ১৫ এপ্রিল থেকে শুরু অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন
বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ অনুযায়ী, রাজ্যে এখনও একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। আগামী ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই বিজেপির ইস্তেহার বা সংকল্প পত্র প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। এই বিশেষ কর্মসূচিতে দলের সর্বভারতীয় নেতৃত্ব নীতিন নবীনের উপস্থিত থাকার কথা। কোচবিহারের সভা থেকেই প্রধানমন্ত্রী অনুপ্রবেশ ও জনবিন্যাসের মতো সংবেদনশীল ইস্যুগুলোতে কড়া বার্তা দিয়েছিলেন, যা নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিপূর্বেই মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছে।

