Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কড়া নিরাপত্তায় ফের শুরু অমরনাথ যাত্রা

কড়া নিরাপত্তায় ফের শুরু অমরনাথ যাত্রা

Truth Of Bengal 20 hrs ago

Truth of Bengal: প্রাকৃতিক দুর্যোগ ও টানা বৃষ্টির কারণে ছয় দিন বন্ধ থাকার পর শনিবার ফের শুরু হল অমরনাথ যাত্রা। আবহাওয়ার উন্নতি এবং জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় জম্মু-কাশ্মীর প্রশাসন পুনরায় যাত্রার অনুমতি দেয়। শনিবার ভোরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৬,২৬৯ জন পুণ্যার্থী কাশ্মীরের বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা দেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাত্রার ১৮তম দলে ছিলেন ১,৪৭০ জন মহিলা, ২৫ জন শিশু এবং ৫৪ জন সাধু। মোট ২২৩টি গাড়ির কনভয়ে ভোর প্রায় ২টা ৪০ মিনিটে তাঁদের যাত্রা শুরু হয়। তবে এদিন অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী পাহেলগাম রুটে কোনও কনভয় পাঠানো হয়নি।

গত ১৯ জুলাই থেকে প্রবল বৃষ্টি, ধস এবং পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার আশঙ্কায় অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বিশেষ করে অনন্তনাগের ৪৮ কিলোমিটার দীর্ঘ পাহেলগাম রুট এবং গান্দেরবাল জেলার ১৪ কিলোমিটার দীর্ঘ বালতাল রুটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, উধমপুর-রামবান এলাকায় একাধিক স্থানে ধস নামায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক তিন দিন বন্ধ ছিল। পরে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হলে পুনরায় শুরু হয় তীর্থযাত্রা।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুলাই শুরু হয়েছে ৫৭ দিনের অমরনাথ যাত্রা, যা চলবে আগামী ২৮ অগস্ট পর্যন্ত। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ পুণ্যার্থী পবিত্র অমরনাথ গুহা দর্শন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার পুণ্যার্থী জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছেন। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো যাত্রাপথ জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিন যাত্রা নির্বিঘ্নেই চলবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal