Dailyhunt
রাহুল-মৃত্যুর তদন্তে এবার কলকাতায় ওড়িশা পুলিশ! প্রযোজনা সংস্থার ৫ জনকে পাঠানো হল সমন

রাহুল-মৃত্যুর তদন্তে এবার কলকাতায় ওড়িশা পুলিশ! প্রযোজনা সংস্থার ৫ জনকে পাঠানো হল সমন

Truth Of Bengal 4 days ago

Truth of Bengal: টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে এবার ঘনীভূত হচ্ছে আইনি জটিলতা। তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনায় তদন্তের আঁচ এবার পৌঁছাতে চলেছে কলকাতায়। সূত্রের খবর, ওড়িশা পুলিশের একটি বিশেষ দল এই অস্বাভাবিক মৃত্যুর তদন্তে যে কোনও সময় কলকাতায় রওনা দিতে পারে।

ইতিমধ্যেই প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর কর্ণধার-সহ মোট পাঁচজনকে তলব করেছে ওড়িশা পুলিশ।

গত ২৯ মার্চ তালসারির সমুদ্রসৈকতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, বিপজ্জনক চোরাবালির সৈকতে শুটিং করার অনুমতি ছিল কি না, কিংবা অভিনেতার নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হয়েছিল কি না- তা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা রয়েছে। এই ঘটনায় প্রযোজনা সংস্থার নীরবতা এবং ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতি নিয়ে টলিপাড়ার একাংশ সরব হয়েছে। গত ৫ এপ্রিল ওড়িশার তালসারি মেরিন থানায় রাহুল অরুণোদয়ের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার একটি এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কোমর বেঁধে নামছে প্রশাসন।

তালসারি মেরিন থানার আইসি শ্রবণ মহারানা জানিয়েছেন, "জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ অভিযুক্তকে সমন পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা হাজির না দিলে তদন্তের স্বার্থে ওড়িশা পুলিশ কলকাতায় যাওয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।" প্রিয়াঙ্কা সরকারের দায়ের করা অভিযোগে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে পরিচালক শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী এবং চন্দ্রশেখর চক্রবর্তীর। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য গোপনের মতো গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর থেকেই টলিউড জুড়ে শোকের পাশাপাশি আক্রোশ ছড়িয়েছে। প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে এর আগে কলকাতার রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের হয়েছিল। ওড়িশায় অভিযোগ দায়েরের সময় প্রিয়াঙ্কার পাশে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও যীশু সেনগুপ্তের মতো তারকারা। অভিনেতার বেঘোরে প্রাণ যাওয়ার দায় কার, সেই উত্তর পেতেই এখন মরিয়া রাহুলের পরিবার ও ভক্তরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal