Dailyhunt
রাজনীতির মঞ্চে 'গায়ক' তুষার, বাউল গানে পান্ডুয়ায় আসর জমালেন বিজেপি প্রার্থী

রাজনীতির মঞ্চে 'গায়ক' তুষার, বাউল গানে পান্ডুয়ায় আসর জমালেন বিজেপি প্রার্থী

Truth Of Bengal 6 days ago

রাকেশ চক্রবর্তী, হুগলি: গানের মঞ্চ ছেড়ে রাজনৈতিক মঞ্চে পা রেখেছেন, তবে গান যে তার কাছে প্রাণ তা ভোলেন নি। স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় গান গেয়ে পুরস্কার পেয়েছিলেন । তখন থেকেই গানের প্রতি তার ভালোবাসা। মঞ্চে উঠে গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন।

তার বাবা ছিলেন সঙ্গীত শিল্পী।

পরিবারের প্রত্যেকেই সংগীতের সঙ্গে জড়িত। তেমনিই তুষার মজুমদার ২০-২২ বছর ধরে সংগীতের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে পেশা বদলে রাজনীতির ময়দানে যোগ দেন। তবে সংগীত থেকে অনেকটা দূরে সরে আসেন। তবে এখনো যেখানে বাউল গানের আসর বসে সেখানেই মঞ্চে উঠে মাইক হাতে গান গেয়ে ওঠেন। ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। প্রচারের চিরাচরিত প্রথা ভেঙে অন্য এক পথে হাঁটলেন তিনি।

ভোটের উত্তপ্ত আবহের মাঝেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে বাউল গান গেয়ে দর্শকদের মন জয় করলেন। কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠেন তুষার। দর্শকদের অনুরোধে তিনি নিজেই মঞ্চে উঠে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এরপরই একতারা আর হারমোনিয়ামের সুরে ভেসে আসে তার কণ্ঠে মাটির গান। পেশাদার শিল্পীদের মতোই সাবলীল ভাবে একের পর এক বাউল গান পরিবেশন করেন তিনি। রাজনীতির মঞ্চ ছেড়ে গানের মঞ্চে প্রার্থীর এমন নতুন অবতারে উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে পড়েন।

তুষার বলেন, কুড়ি বছর ধরে গানের সঙ্গে যুক্ত ছিলাম। অনেক স্টেজ প্রোগ্রাম করেছি। একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে অডিশনে গিয়েছিলাম তার সার্টিফিকেট এখনো রয়েছে, অনেক পুরস্কারও পেয়েছি। এখনো অনেক জায়গায় গানের অনুরোধ আসে। গান আমি এখনো ভুলতে পারিনা। এখন রাজনৈতিক মঞ্চে উঠে বক্তৃতা দিতে হয় । তাই এখন গানের গলা আর সেরকম নেই । মাগো তুমি চলে গেলে ফিরে এলে না, কারে আমি মা বলিব বলে গেলে না, এই গানটা যখন প্রকাশিত হয়েছিল তখন আমার মায়ের মৃত্যু হয়েছিল। তাই এই গানটা আমি সব জায়গাতেই গাই। মায়ের স্মৃতি কোনদিনও ভোলা যায় না। তেরো বছর আগে মা মারা গেছেন, তবে বাবা এখনো বেঁচে রয়েছেন। মায়ের স্মৃতি এখনো আমার কাছে টাটকা।

এরই মাঝে তৃণমূলকে কটাক্ষ করে তুষার বলেন, সংগীতের সঙ্গে রাজনীতি আমি কখনোই মেলাই না। সংগীত একটা আলাদা জগৎ। কিন্তু বর্তমানে সিনেমা বা সংগীত দুটোই ধ্বংসের পথে যাচ্ছে। অন্যদিকে বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার হরিবাসরে গিয়ে গান গেয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal