Dailyhunt
সৌরভের অফিসে পুলিশের হানা! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া

সৌরভের অফিসে পুলিশের হানা! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া

Truth Of Bengal 1 week ago

Truth of Bengal: সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাঙালির আবেগ, ক্রিকেটের মাঠ থেকে টিভি শো, সর্বত্রই তাঁর জয়জয়কার। কিন্তু সেই মহারাজের অফিসেই কিনা পুলিশের হানা! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সৌরভ ফোনে ব্যস্ত, এমন সময় এক মহিলা হন্তদন্ত হয়ে ঢুকে পড়লেন এবং বলেই ফেললেন, 'দাদা, আপনার অফিসে রেড পড়েছে।'

মহিলার এমন চাঞ্চল্যকর খবরে চমকে ওঠেন বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট। হিন্দি ভাষায় তাঁকে প্রশ্ন করতে শোনা যায়, 'কখন?' উত্তরে মহিলা বলেন, 'এই তো এখনই।' মুহূর্তের মধ্যে সৌরভের প্রতিক্রিয়ায় অস্বস্তি ও উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। ঘটনাটি ক্যামেরাবন্দি হতে দেখে তিনি তৎক্ষণাৎ ক্যামেরা সরিয়ে নিতে এবং রেকর্ডিং বন্ধ করার নির্দেশ দেন। এই ১০ সেকেন্ডের ক্লিপটি সামনে আসতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে।

তবে কি বড় কোনও আইনি বিপাকে পড়লেন মহারাজ? নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, জি বাংলা ছেড়ে স্টার জলসার 'বিগ বস বাংলা'র বিশাল চুক্তিতে সই করার পরেই কি কোনও ব্যবসায়িক বা আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন সৌরভ? পারিশ্রমিক ও চ্যানেল বদল নিয়ে এমনিতেই নানা চর্চা চলছিল, তার ওপর এই ভিডিও আগুনে ঘি ঢেলেছে।

কিন্তু সত্যটা কি আসলেই তেমনটা? অধিকাংশ নেটিজেন এবং সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সম্ভবত কোনও প্রচার কৌশল বা নিছক 'প্র্যাঙ্ক' ভিডিও। বর্তমানের সোশ্যাল মিডিয়া যুগে ভিউ পাওয়ার জন্য এ ধরনের স্ক্রিপ্টেড ভিডিও বানানো একটি ট্রেন্ড। ভিডিওটি 'রোস্টি প্রিয়াঙ্কা' নামের এক ডিজিটাল ক্রিয়েটরের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি ১০ লাখের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে।

প্রযুক্তি ও ক্যামেরার অ্যাঙ্গেল দেখে অনেকেরই দাবি, এটি কোনও শ্যুটিং সেটের দৃশ্য। হয়তো কোনও নতুন প্রজেক্ট বা শো-এর টিজার হিসেবেই এই নাটকীয় ভিডিওটি তৈরি করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, বিষয়টি যে পরিকল্পিত, তা মোটামুটি নিশ্চিত। মহারাজের নতুন ইনিংস বা বড় কোনও ওটিটি প্রজেক্টের জন্যই কি এই 'পুলিশি হানা'-র চমক? সবটাই এখন সময়ের অপেক্ষা। আপাতত ভাইরাল এই ক্লিপকে ঘিরে হাসির রোল এবং উত্তেজনার মিশ্রণে জমে উঠেছে সোশ্যাল মিডিয়া। তবে শেষ পর্যন্ত এর আসল রহস্য উন্মোচিত হলে অনুরাগীদের চমক যে আরও বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal