Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, আইসোলেশনে বর্ষীয়ান অভিনেত্রী

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি, আইসোলেশনে বর্ষীয়ান অভিনেত্রী

Truth Of Bengal 20 hrs ago

Truth of Bengal: নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে প্রথম সারি থেকেই সরব ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। দিল্লির যন্তর মন্তরে টানা তিন দিন আন্দোলনকারীদের পাশে থাকার পর মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশেও তাঁর যোগ দেওয়ার কথা ছিল।

কিন্তু আচমকাই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে সমস্ত কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী।

শাবানা আজমির টিমের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, তিনি বর্তমানে ১০২ ডিগ্রি জ্বরে ভুগছেন। রক্ত পরীক্ষার পর তাঁর শরীরে এইচ১এন১ (সোয়াইন ফ্লু) সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পাশাপাশি পাঁচ দিনের জন্য নিভৃতবাসে (আইসোলেশন) থাকার পরামর্শ দিয়েছেন। ফলে শুক্রবারের নির্ধারিত ছাত্র আন্দোলনের কর্মসূচিতে তিনি উপস্থিত থাকতে পারেননি।

শনিবার সমাজমাধ্যমেও নিজের অসুস্থতার কথা জানিয়েছেন শাবানা আজমি। তিনি জানান, শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তাঁর সমর্থন ও সংহতি অটুট রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে নিয়মিত অংশ নিয়েছেন অভিনেত্রী। শুধু আন্দোলনের ময়দানেই নয়, সমাজমাধ্যমেও তিনি ধারাবাহিকভাবে আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরছিলেন এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানাচ্ছিলেন।

গত ২০ জুলাই 'ককরোচ জনতা পার্টি'-র ডাকা 'চলো সংসদ' কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন শাবানা। সেই সময় পুলিশি পদক্ষেপে ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় তাঁর হাঁপানির সমস্যা বেড়ে যায় এবং তিনি অ্যাজমা অ্যাটাকের শিকার হন। পরে ইনহেলার ব্যবহার করে কিছুটা সুস্থ হয়ে আবার আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন বলে নিজেই জানিয়েছিলেন।

উল্লেখ্য, নিট পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত প্রায় এক মাস ধরে আন্দোলন চলছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন। এই আবহেই শাবানা আজমির অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগী ও আন্দোলনকারীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal