গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: গত রাতের প্রবল ঝড় ও অবিরাম বর্ষণে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। পাথরপ্রতিমা, ক্যানিং, গোসাবা এবং বাসন্তী সহ একাধিক ব্লকে রাতভর চলা এই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জনজীবন। ঝড়ের তীব্রতায় বহু এলাকায় গাছ উপড়ে পড়ার পাশাপাশি বেশ কিছু কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে সুন্দরবনের নিচু এলাকা, রাস্তাঘাট এবং কৃষিজমি। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় কৃষকরা। মাঠের পর মাঠ সবজি চাষের জমি বর্তমানে জলের তলায়। বেগুন, টমেটো, লাউ ও বিভিন্ন প্রকার শাকসবজি পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন চাষিরা। বছরের এই সময়ে ফসলের এমন ব্যাপক ক্ষতিতে কৃষকদের ভবিষ্যৎ একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।
- পলিথিন হাতে মুড়ি খেয়ে ভাইরাল, চন্দ্রকোনায় মন জিতলেন সূর্যকান্ত
- কাশ্মীর থেকে মালদায় এল সেনার বুলেটপ্রুফ গাড়ি, ভোটের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা
পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নজরদারি চালানোর পাশাপাশি ক্ষয়ক্ষতির প্রাথমিক খতিয়ান তৈরির কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে জল না নামলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। প্রকৃতির এই রুদ্ররোষে সুন্দরবনের স্বাভাবিক ছন্দ কার্যত স্তব্ধ। জনজীবন আবার কবে স্বাভাবিক হবে, তা নিয়ে চিন্তায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, পরিস্থিতি পুনরায় নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

