Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
টালা ব্রিজের বাতিস্তম্ভে যুবকের স্টান্ট! মোবাইলে ভিডিও দেখিয়ে তুমুল হইচই

টালা ব্রিজের বাতিস্তম্ভে যুবকের স্টান্ট! মোবাইলে ভিডিও দেখিয়ে তুমুল হইচই

Truth Of Bengal 1 week ago

Truth of Bengal: ভর সন্ধ্যায় টালা ব্রিজে চাঞ্চল্য। আচমকা জামাকাপড় খুলে একটি ল্যাম্প পোস্টের উপরে উঠে পড়েন এক যুবক। বাতিস্তম্ভের মাথায় দাঁড়িয়ে কখনও ঝুঁকিপূর্ণ অঙ্গভঙ্গি, কখনও মোবাইলের পর্দা দেখিয়ে কিছু বোঝানোর চেষ্টা করতে থাকেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ওই যুবককে টালা ব্রিজের একটি ল্যাম্প পোস্টে উঠতে দেখা যায়। তাঁকে বিপজ্জনক অবস্থায় দেখে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।

প্রথমে দমকলকর্মীরা ল্যাম্প পোস্টের নিচে জাল পেতে যুবককে নিরাপদে নামানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বরং বাতিস্তম্ভের উপর তাঁর নড়াচড়া আরও বেড়ে যায়। ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এর পর ঘটনাস্থলে দমকলের ল্যাডার আনা হয়। উদ্ধারকারীরা উপরে উঠে তাঁকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করেন। কিন্তু যুবক তাতে রাজি হননি। শেষ পর্যন্ত কার্যত কোলপাঁজা করে তাঁকে বাতিস্তম্ভ থেকে নামিয়ে আনা হয়। উদ্ধারের পর পুলিশ যুবককে হাসপাতালে নিয়ে যায়। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি ভবঘুরে এবং মানসিক সমস্যায় ভুগতে পারেন। তবে চিকিৎসকদের পরীক্ষার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তিনি কোথা থেকে এসেছিলেন এবং কেন ল্যাম্প পোস্টে উঠে পড়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে তাঁকে ওই এলাকায় দেখা যায়নি। অফিস ছুটির ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটায় টালা ব্রিজ সংলগ্ন রাস্তায় সাময়িক যানজট তৈরি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal