Truth of Bengal: বিয়ে শুধু দুটি পরিবার নয়, আপনার পকেটেও নিয়ে আসতে পারে বিরাট স্বস্তি! সাধারণত, আয়কর আইন অনুযায়ী, ৫০ হাজার টাকার বেশি মূল্যের যেকোনো উপহার পেলেই তা 'ইনকাম ফ্রম আদার সোর্সেস' হিসাবে গণ্য হয় এবং তার ওপর বিপুল কর দিতে হয়। তবে আপনার বিয়েতে পাওয়া উপহারের ক্ষেত্রে এই নিয়ম সম্পূর্ণ ব্যতিক্রম।
এই নিয়মে একটি বড়সড় কর ফাঁক (Tax Loophole) পাওয়া যায়। আয়কর আইন অনুসারে, বিয়ে উপলক্ষ্যে পাওয়া যেকোনো উপহার- তা নগদ হোক বা কোনো সম্পত্তি- তার ওপর কোনো কর লাগে না। আপনি উপহারটি যার থেকেই পান না কেন, এই সুবিধা সম্পূর্ণভাবে পাওয়া যায়। এখানেই শেষ নয়, সাধারণত মা-বাবা, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ি সহ ঘনিষ্ঠ আত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহার করমুক্ত হলেও, আইন আদালত এই 'আত্মীয়'-এর ব্যাখ্যাকে আরও বিস্তৃত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালের মার্চ মাসের একটি রায়ে সৎ-ভাই বা সৎ-বোনকেও 'আত্মীয়'-এর সংজ্ঞায় আনা হয়েছে।
অনেকের ধারণা থাকতে পারে যে উপহারটি ঠিক বিয়ের দিনেই পেতে হবে। কিন্তু আইনে এমন কোনো কথা বলা নেই। আয়কর আইন অনুযায়ী, এই উপহার শুধুমাত্র 'বিবাহ উপলক্ষ্যে' হতে হবে। কর বিশেষজ্ঞরা বলেন, উপহারের উদ্দেশ্যটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন, মুম্বাই ট্রাইব্যুনাল এক মামলায় রায় দিয়েছে যে, বিয়ের ১০ থেকে ১৫ দিন পরেও যদি উপহার পাওয়া যায়, তা-ও করমুক্ত থাকবে। এমনকি, ডঃ নীলমবাই রামস্বামীর একটি মামলায় বিয়ের ১১ মাস পরেও পাওয়া উপহারে কর ছাড় মিলেছিল। এই বিশাল কর ছাড়ের সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই প্রমাণ দেখাতে হবে যে আপনি সেই উপহারটি বিয়ে উপলক্ষ্যেই পেয়েছেন। কর বিভাগ যদি কখনও যাচাই করতে চায়, তাহলে আপনাকে উপহারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের সরাসরি যোগসূত্র প্রতিষ্ঠা করতে হবে।
- গান লাইসেন্স কেলেঙ্কারিতে ৮ আইএএসের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ সিবিআই
- উত্তরাখণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত তিন শিক্ষক
এই প্রমাণগুলি সাবধানে সংরক্ষণ করা জরুরি: বিয়ের নিমন্ত্রণপত্র (Invitation Card), উপহারদাতার তালিকা,ব্যাঙ্কের লেনদেনের প্রমাণ, বিয়ে সংক্রান্ত ছবি বা ভিডিয়ো।বিশেষজ্ঞরা আরও সতর্ক করে দিচ্ছেন যে আয়কর বিভাগ শুধু উপহার নয়, উপহারদাতার আর্থিক সামর্থ্যও খতিয়ে দেখতে পারে। উপহার পাওয়ার সময় করমুক্ত হলেও, ভবিষ্যতে যদি আপনি সেই উপহার বিক্রি করতে চান, তবে তার ওপর আপনাকে কর দিতে হবে। ধরুন, আপনি উপহার পাওয়া কোনো গয়না বিক্রি করলেন। সেই বিক্রির উপর ক্যাপিটাল গেনস ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। এক্ষেত্রে, উপহারটি যিনি দিয়েছিলেন, তিনি যে দামে কিনেছিলেন, সেই দামের ওপর নির্ভর করেই আপনার ক্যাপিটাল গেন হিসাব করা হবে। তাই উপহারের ইনভয়েস বা ক্রয়ের প্রমাণপত্র ভবিষ্যতের জন্য রেখে দেওয়া অত্যন্ত জরুরি।

