Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৩০ মিনিটে জল বাড়ে ৯ মিটার! এক নয়, দুই নদীর হড়পা বানে তছনছ নেপাল... দ্বিতীয় দফায় আবার গিলতে আসবে বন্যা?

৩০ মিনিটে জল বাড়ে ৯ মিটার! এক নয়, দুই নদীর হড়পা বানে তছনছ নেপাল... দ্বিতীয় দফায় আবার গিলতে আসবে বন্যা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্যা বিধ্বস্ত নেপাল। ভোটে কোশী ও ত্রিসূলী, একসঙ্গে দুই নদীতে হড়পা বানে কার্যত ধুয়ে মুছে সাফ নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া ও নুয়াকোট জেলা। রিপোর্ট বলছে, ৩০ মিনিটের মধ্যে নদীর জল বেড়ে যায় ৯ মিটার! তারপর সেই রাক্ষুসে জলের স্রোত গিলে খেতে আসে।

ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। বন্যা বিধ্বস্ত নেপালের একের পর এক ভিডিয়ো দেখলে আঁতকে উঠতে হয়। কিন্তু নেপালে এই আকস্মিক বন্যার পিছনে কারণ কী? ভূমিকম্প না তুষারধস?

৩০ মিনিটে জল বাড়ে ৯ মিটার!

মার্কিন বিশেষজ্ঞ রিপোর্ট সিলমোহর দিয়েছে, হিমবাহ ফেটে যাওয়ার তত্ত্বে। যার জেরেই ভোটে কোশী ও ত্রিসূলী নদীর জল অস্বাভাবিক দ্রুতগতিতে বেড়ে যায়। তারপর সেই রাক্ষুসে জলের স্রোত সামনে যা কিছু পায়- বাড়িঘর, ব্রিজ, নির্মাণ পরিকাঠামো সব ভাসিয়ে নিয়ে যায়। উঁচু পার্বত্য হিমালয়ে বিশালকার বরফ-পাথরে তৈরি হিমবাহ ফেটে গিয়ে ধস নামার কারণেই এই আকস্মিক বিপর্যয় বলে মনে করা হচ্ছে। গালছি এলাকায় ত্রিসূলী নদীর জলের স্তর মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রায় ৯ মিটার পর্যন্ত বেড়ে পায়। অপরদিকে মালেখু অঞ্চলে একই সময়ে জলের স্তর বাড়ে প্রায় ৭ মিটার।

হিমবাহ ফেটে জোড়া নদীর প্লাবন গ্রাসে নেপাল

এদিকে কোনও রকম ভারী বৃষ্টিপাতও হয়নি। ভারী বৃষ্টি ছাড়াই হঠাৎ করে সকাল ৯টা নাগাদ রূদ্ররূপ ধারণ করে ভোটে কোশী ও ত্রিসূলী নদী। যার কোনও আগাম সতর্কবার্তাও ছিল না। যা আরও বেশি করে সিলমোহর দিচ্ছে হিমবাহ ফেটে যাওয়ার তত্ত্বে। কারণ এটা স্পষ্ট যে এটা কোনও প্রবল বৃষ্টির জেরে স্বাভাবিক বর্ষার বন্যা নয়। বরং উচুঁ এলাকায় জমে থাকা বিপুল পরিমাণ জল হঠাৎ মুক্ত হওয়ার ফলে প্রবল বেগে নীচে নেমে এসেছে।

'সেকেন্ডারি ফ্লাড'

এখন বিশেষজ্ঞদের আশঙ্কা, তিব্বত সীমান্তে উচ্চ উপত্যকায় এই বরফ-পাথরের স্তূপ যদি পুরোপুরি পরিষ্কার না হয়ে থাকে, তবে পুনরায় বাঁধ ভেঙে আবারও বন্যা দেখা দিতে পারে। যাকে বলে 'সেকেন্ডারি ফ্লাড'। আর সেটা হলে স্বয়ং মহাদেবেও নেপালকে রক্ষা করতে পারবেন না! 'সেকেন্ডারি ফ্লাড'-এর আশঙ্কায় ইতিমধ্যেই জিলং বন্দর ও সংলগ্ন নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

মৃত বেড়ে ১৬৫

প্রসঙ্গত, নেপাল পুলিস বৃহস্পতিবার জানিয়েছে, পশ্চিম নবলপরাসী থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধারের পর বন্যা বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫। ​রসুয়ায় ২, নুওয়াকোটে ১২, ধাদিংয়ে ২৭, চিতওয়ানে ৬৪, গোর্খায় ২০, তানাহুতে ৯ , পূর্ব নবলপরাসীতে ২৬ এবং পশ্চিম নবলপরাসীতে ৫ জন নিহতের খোঁজ মিলেছে। নিখোঁজ এখনও কমপক্ষে ৭৫০! হড়পা বান বুধবার নেপালের তিনটি জেলা জুড়ে তাণ্ডব চালিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali