জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ বছরের দাম্পত্যে আনুষ্ঠানিক ইতি। বিচ্ছেদ হচ্ছে ওমর আবদুল্লাহ ও পায়েলের। দীর্ঘ ১৬ বছরের আলাদা থাকা ও একাধিক আইনি লড়াইয়ের পর অবশেষে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদে সিলমোহর দিল দেশের সর্বোচ্চ আদালত। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং তাঁর স্ত্রী পায়েল আবদুল্লাহর বৈবাহিক সম্পর্কের ইতি টেনে বিচ্ছেদের আবেদন মঞ্জুর করার সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট।
পারস্পরিক সমঝোতা ও মামলা প্রত্যাহার
শুক্রবার বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধে-র বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালতে উভয়পক্ষের আইনজীবী বর্ষীয়ান অ্যাডভোকেট কপিল সিব্বল জানান, ওমর ও পায়েল পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন এবং একে অপরের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দু'জনেই এই বিচ্ছেদকে স্বাগত জানিয়ে "স্বাধীনতা গ্রহণ করেছেন"। সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে অর্পিত বিশেষ ক্ষমতার ভিত্তিতে সুপ্রিম কোর্ট তাঁদের এই পারস্পরিক বিচ্ছেদ মঞ্জুর করে মামলার চূড়ান্ত নিষ্পত্তি করবে বলে জানিয়েছে।
প্রেম, বিয়ে ও বিচ্ছেদ
দিল্লির ওবেরয় হোটেলে কাজের সূত্রে ওমর ও পায়েলের পরিচয় হয়। ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই দম্পতির জাহির এবং জামির নামে দুই পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ ১৬ বছর একসঙ্গে সংসার করার পর ২০০৯ সাল থেকে পৃথকভাবে থাকতে শুরু করেন তাঁরা। ২০১১ সালে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাঁদের আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। পারিবারিক আদালতে ওমর আবদুল্লাহ দাবি করেছিলেন যে, তাঁদের বৈবাহিক সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে তা আর জোড়া লাগা সম্ভব নয়। ওমর অভিযোগ তোলেন, স্ত্রী পায়েলের আচরণের কারণে তিনি নিয়মিত মানসিক যন্ত্রণা ও হয়রানির শিকার হয়েছেন।
খোরপোশ নিয়ে দিল্লি হাইকোর্টের রায়
অন্য একটি খোরপোশের মামলায় ২০২৩ সালের আগস্টে দিল্লি হাইকোর্ট ওমর আবদুল্লাহকে নির্দেশ দেয়, তিনি যেন পায়েল আবদুল্লাহকে অন্তর্বর্তীকালীন খোরপোশ হিসেবে প্রতি মাসে ১.৫ লাখ টাকা প্রদান করেন। একই সঙ্গে, তাঁদের দুই ছেলের প্রত্যেকের পড়াশোনার খরচের জন্য মাসে ৬০,০০০ টাকা করে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
আইনি লড়াই ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
প্রথমে ওমর আবদুল্লাহ মানসিক নির্যাতন ও পরিত্যাগ করার অভিযোগ এনে পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন। কিন্তু ২০১৬ সালে পারিবারিক আদালত প্রমাণাভাবে তাঁর আবেদন খারিজ করে দেয়।পায়েল এবং তাঁর দুই ছেলে ২০১৮ সালের একটি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। ২০১৮ সালের ওই নির্দেশে নিম্ন আদালত পায়েলকে মাসে ৭৫,০০০ টাকা এবং দুই ছেলে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের প্রত্যেকের জন্য মাসে ২৫,০০০ টাকা করে দেওয়ার কথা বলেছিল। সেই রায়ের বিরুদ্ধে পায়েল হাইকোর্টে আবেদন জানালে ২০২৩ সালে আদালত খোরপোশের পরিমাণ বাড়ায়। এরপর দিল্লি হাইকোর্টের ওমরের প্রতি নির্দেশ দেয় যাতে তিনি স্ত্রী পায়েলকে মাসে ১.৫ লাখ টাকা খোরপোশ ও ছেলের পড়াশোনার খরচের জন্য ৬০ হাজার টাকা প্রদান করেন।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন জানান ওমর। শুনানিপর্বে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে যে, দীর্ঘ ১৬ বছর আলাদা থাকার ফলে এই বৈবাহিক সম্পর্কটি একটি 'মৃত বিয়ে'-তে পরিণত হয়েছে। অবশেষে উভয়েই নিজেদের মধ্যকার সমস্ত বিবাদ মিটিয়ে নিয়ে যৌথভাবে বিচ্ছেদের আবেদন করায় আইনি জটিলতার অবসান ঘটল।
২ নয়, NCPI ছেড়ে তৃণমূলে ফিরছেন ৩ সাংসদ! কে কে? জানা গেল নাম- দিল্লির বিগ আপডেট

