সন্দীপ প্রামাণিক ও অয়ন ঘোষাল: বর্ষা কি সমাগত? দারুণ দহন অগ্নিবাণের জ্বালা জুড়িয়ে আষাঢ়ের প্রথম কদম ফুল ফুটবে?আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামী দু'দিনের মধ্যে আরও শক্তিশালী হয়ে 'সুস্পষ্ট নিম্নচাপে' (Well-Marked Low Pressure) পরিণত হতে চলেছে।
এরপর এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের জেরে আগামী ৬ জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে ৪ ও ৫ জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনি ও রবিবার চরম দুর্যোগের আশঙ্কা
নিম্নচাপের প্রভাবে আজ থেকেই উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট ও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া জেলাভিত্তিক সতর্কতা নিচে দেওয়া হলো:
আজকের সতর্কতা:
আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবার (৪ জুলাই): বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।
রবিবার (৫ জুলাই): এই দিন বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।
আগামী সপ্তাহের শুরু:
সোমবারেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গল ও বুধবারেও দুর্যোগ পুরোপুরি কাটবে না; উপকূলের দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
রবিবারে হতে পারে ভারী বৃষ্টি
কলকাতায় আগামী চার দিন মূলত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি মেয়াদে বৃষ্টিপাত চলবে। তবে আগামী রবিবার মহানগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ তিলোত্তমায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সোমবার পর্যন্ত বড় কোনো দুর্যোগের বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গল ও বুধবারের আবহাওয়া
আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-- এই উপরের পাঁচটি জেলাতেই পুরোদমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা
উত্তর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকায় মৎস্যজীবীদের জন্য আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

